বগুড়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছয় বছর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগের ওই কমিটির অনুমোদন দিয়ে ২ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৮ এপ্রিল বগুড়ায় সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে শুভাশীষ পোদ্দার ও সাধারণ সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ খানকে নির্বাচিত করা হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মকর্তাদের কাছে জমা দেন। কিন্তু সেই তালিকা বা কমিটি দীর্ঘদিনেও অনুমোদন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগের এসব কমিটি সম্মেলনের মাধ্যমে করার জন্য নির্দেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে ছয় বছর আগের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কারণ এই কমিটি অনুমোদন না পেলে সম্মেলন করা যাচ্ছে না। গত ৪ জুন জেলা ছাত্রলীগের বর্ধিত সভা হয়। এতে কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এই সভার পরেই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই জেলা সন্মেলনের তারিখ ঘোষণা করা হলেও এই সময়ের মধ্যে ১২টি উপজেলাসহ ২০টি সাংগঠনিক কমিটির সম্মেলন হচ্ছে না। এসব কমিটির মেয়াদও বহু আগে শেষ হয়ে গেছে।