বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুরের মামলায় বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাত সোয়া ১১টার দিকে বগুড়ার সেউজগাড়ি ঈদগাহ লেনের সেন্ট্রাল রেসিডেন্সিয়াল এলাকায় নিজ বাড়ি হাবিবা ম্যানসন রমজান আলীকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আছলাম আলী বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নাতি পঞ্চম শ্রেণির ছাত্র মানাফ মাহমুদুরকে স্কুল থেকে আনতে গাড়ি নিয়ে যান গাড়িচালক নজরুল ইসলাম। ‘নিষেধাজ্ঞা’ থাকা সত্ত্বেও ভেতরে গাড়ি নিয়ে ঢোকার ঘটনায় নজরুলের সঙ্গে প্রধান শিক্ষক রমজান আলীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ডাকলে বিদ্যালয়ের মাঠ থেকে ক্রিকেট ব্যাট হাতে শিক্ষার্থীরা ছুটে আসে। গাড়ির পেছনের দিকে ভাঙচুর করে তারা। এই পরিস্থিতিতে নজরুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় গাড়ি চালক নজরুল ইসলাম বাদী হয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনার জেরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রধান শিক্ষক রমজান আলীর সেউজগাড়ির বাসায় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।