মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে ও জেলা প্রশাসকের কার্যালয়ে লোক নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা পূরণের দাবিতে গতকাল সোমবার মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করেছে।শহরের সাতমাথায় দুপুর ১২টায় এই মানববন্ধন কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধারা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমিনুল ইসলাম। বক্তব্য দেন ডেপুটি কমান্ডার ইলিয়াস উদ্দিন আহম্মেদ, আবদুল মোত্তালিব, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, ফুল মিয়া, গোলাম রসুল, আখতারুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধাদের কোটায় বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে গেলে সেখানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির নিশ্চয়তা ও ৩০ শতাংশ কোটা পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির কোটা বাস্তবায়ন না হওয়ায় গত ২৪ জুলাই মুক্তিযোদ্ধা সংসদের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে এ বিষয়ে প্রতিকার চান। জেলা প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধারা কথা বলার একপর্যায়ে মমতাজ উদ্দিন তাঁদের লাঞ্ছিত করেন। এই ঘটনার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির কোটা বাস্তবায়নের দাবিতে গতকাল এই মানববন্ধন করা হয়। এতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।