বগুড়া জেলা আ.লীগ সভাপতির প্রতিবাদ
গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‘বগুড়ার রাজনীতি: চাঁদাবাজি-দখলে আ.লীগ’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। প্রতিবাদে তিনি বলেন, তাঁর ছেলে শিল্প ও বণিক সমিতির সভাপতি মাছুদুর রহমানকে দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ করেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। তাঁর ছেলে কোনো রাজনীতি করেন না। কোথাও বাবার প্রভাবও খাটান না। নিজের যোগ্যতাবলেই তিনি ঠিকাদারিসহ অন্য ব্যবসা করেন। নওয়াববাড়ি কেনার সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিমালিকানা ওই সম্পত্তি অন্য দুজন ব্যবসায়ীর সঙ্গে তিনিও কিনেছেন বলে জানান। জামায়াতের সঙ্গে সখ্যতার অভিযোগের বিষয়ে বলেন, এ অভিযোগের ভিত্তি নেই। সাঈদীকে চাঁদে দেখার গুজবের সময় নিজের বাসায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন বলে উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদন করা হয়েছিল বগুড়ার চলমান রাজনীতির হাল-হকিকত নিয়ে। এতে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, তা ছিল এলাকার সাধারণ মানুষের অভিযোগ।