বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও সংগঠনবিরোধী তৎপর-তার অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি একক সিদ্ধান্তে বিভিন্ন উপজেলা কমিটি ভেঙে দিয়ে পছন্দের লোকদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছেন।গত সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বগুড়া সদর, শিবগঞ্জ, নন্দীগ্রাম, শাজাহানপুর ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা এসব অভিযোগ আনেন।সংবাদ সম্মেলনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজারুল আলম চৌধুরী বলেন, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে মমতাজ উদ্দিন তাঁর একক সিদ্ধান্তে বিভিন্ন উপজেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করছেন। ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় হায়দার আলী সভাপতি এবং এ এইচ এম গোলাম রব্বানী খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু সম্মেলনের পর কমিটি নিয়ে চলে টালবাহানা। কয়েক বছরে তাঁদের কোনো কাজ করতে দেননি জেলা সভাপতি। সভাপতি তাঁর এক ভাইকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে এত দিন চালানোর পর গত মাসে এই কমিটি ভেঙে সেই ভাইকে আহ্বায়ক করেছেন।২০০৪ সালের ৯ জুলাই নির্বাচনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি জেলা সভাপতির কাছে জমা দেওয়া হলেও তিনি তা অনুমোদন করেননি। গত মাসে এই কমিটি ভেঙে দিয়ে তাঁর মনঃপূত আহ্বায়ক কমিটি গঠন করেছেন। ২০০৪ সালে নন্দীগ্রামে শফিউল আলম সভাপতি ও ইউনুছ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু উপজেলা নির্বাচনের সময় শফিউল আলমের ছেলে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ জেলা সভাপতির পছন্দের প্রার্থীর বিপক্ষে ভোটে নির্বাচিত হন। এরপর শফিউল আলমকে দল থেকে বহিষ্কার করেন জেলা সভাপতি। বগুড়ার গাবতলী উপজেলায় সাধারণ সম্পাদক মারা যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এক নম্বর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও সভাপতির অনুগত না হওয়ায় তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।অভিযোগ অস্বীকার করে মমতাজ উদ্দিন বলেন, ‘উপজেলা কমিটির অনুরোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র মেনেই এসব কমিটি গঠন করা হয়েছে।’