বগুড়া জেলা আ.লীগের সম্মেলন স্থগিত
বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আট বছর পর ২৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।দলীয় কোন্দল, অনেক ইউনিট কমিটিতে সম্মেলন শেষ না হওয়া ও কয়েকটি উপজেলায় পাল্টা কমিটি ঘোষণার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান দাবি করেছেন, সময়মতো উপজেলা কমিটি গঠন করতে না পারায় সম্মেলন স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৫ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। একে কেন্দ্র করে দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নেয়। বিভিন্ন স্থানে সম্মেলন করতে গিয়ে সহিংসতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়। অনেক স্থানে আবার পাল্টা কমিটি গঠন করা হয়। এমন অবস্থায় আওয়ামী লীগের এক পক্ষ সম্মেলনের পক্ষে অবস্থান নেয়। অন্য পক্ষ বিপক্ষে অবস্থান না নিলেও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন তদবির শুরু করে।সম্মেলন স্থগিত প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা জানান, ৫ ডিসেম্বর বর্ধিত সভা ও ৬ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় তড়িঘড়ি করে জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। যদিও তখন পর্যন্ত বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডসহ ১০০টি ইউনিটের সম্মেলন হয়নি। এত অল্প সময়ের মধ্যে এতগুলো ইউনিটের সম্মেলন করাও অসম্ভব। এ ছাড়া পাঁচটি উপজেলা কমিটি নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন হয়নি। মূলত এসব কারণেই কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের আগস্টে বগুড়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির নয়জন নেতা ইতিমধ্যে মৃত্যুবরণ করলেও কোন্দলের কারণে এতদিন ওই পদগুলো শূন্য রয়েছে।