বগুড়া জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
চার বছর পর বগুড়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন গত শুক্রবার বগুড়ায় এক চিঠি পাঠিয়েছেন। এতে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সহসভাপতি শাহাবুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল জেলা ছাত্রদলের এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ছাত্রদলের নেতা বাছাই করতে ১৭০ জনের লিখিত মতামত চাওয়া হয়। সেই মতামতের তাৎক্ষণিক কোনো ঘোষণা না দিয়ে কেন্দ্রীয় নেতারা চলে যান। এরপর গত শুক্রবার ঢাকা থেকে দলীয় সভাপতি বগুড়া জেলা ছাত্রদলের পাঁচজনের নাম পাঠিয়েছেন। শুক্রবার পাঠানো ওই চিঠিতে দেখা গেছে, ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সভাপতি, বর্তমান সহসভাপতি শাহাবুল আলম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক থেকে এবার জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন হাসানুজ্জামান। আগে ২ নম্বর যুগ্ম সম্পাদক থেকে এবার ১ নম্বর যুগ্ম সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসেন এবং ছাত্রদল বগুড়া শহর শাখার সভাপতি ফারুকুল ইসলামকে এবার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, গত ৩০ এপ্রিল যে গোপন মতামত নেওয়া হয়েছে, ঘোষিত কমিটি দেখে মনে হয়েছে তার প্রতিফলন নেই। জাহাঙ্গীর আলমের বাড়ি ফেনী হওয়ায় তাঁকে সভাপতি করা হয়েছে বলে অনেকে মনে করেন। জাহাঙ্গীর হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। শহরের চেলোপাড়ায় জাহাঙ্গীর হোটেল নামে যে হোটেল তার মালিক জাহাঙ্গীর আলম নিজে। সাবেক এক ছাত্রনেতা জানান, জেলা কমিটিতে যাঁদের আসা উচিত ছিল তাঁরা আসেননি।