বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন স্থগিত করার প্রায় ১১ মাস পর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে সভাপতি করা হয়েছে আল রাজী জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোকে। কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তা গত শনিবার রাত ১০টায় বগুড়ায় আসে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর নামে পাঠানো বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, সে নির্দেশনা দেওয়া হয়নি। তবে এই কমিটিকে এক বছরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের জুনে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে ২ জুলাই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষের নেতা-কর্মীরা চেষ্টা করেন এই সম্মেলন যাতে না হয়। সম্মেলনের সব প্রস্তুতি নেওয়া হলেও সহিংসতার আশঙ্কায় ১ জুলাই রাতে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়। এর পর থেকেই জেলা ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে ছিল। বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কমিটির কাগজ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দলের উচ্চপর্যায় থেকে যেভাবে নাম দিয়েছে, সেভাবে তাঁদের সবকিছু মেনে নিতে হয়েছে। তা ছাড়া প্রায় ১১ মাস ধরে জেলা ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। এখন দ্রুত এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। রাজশাহীতে কমিটি ঘোষণারাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আগামী এক বছরের জন্য রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রোকনুজ্জামানকে সভাপতি ও মামুনুর রশীদ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি রাজশাহীতে পাঠানো হয়। এতে আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। গত বছর ২৭ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।