বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের কার্যক্রম ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।
১১ এপ্রিলের ঘোষণা অনুসারে আগামীকাল মঙ্গলবার ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকায় নাম বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে মোকামতলা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের (ওয়ার্ড-২) সদস্য মোছা. ফাহিমা বেগম রিট করেন। গতকাল সোমবার শুনানির জন্য ওঠে এটি।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাসুদ হুসেইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। পরে আইনজীবী মাসুদ হোসেইন প্রথম আলোকে বলেন, আদালত রুল দেওয়ার পাশাপাশি ৮ জুন পর্যন্ত জেলা পরিষদটির চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে মঙ্গলবার ওই নির্বাচন হচ্ছে না।
আইনজীবী সূত্র বলেছে, গত ২০ নভেম্বর তফসিল অনুসারে ওই বছরের ২৮ ডিসেম্বর বগুড়া জেলা পরিষদ নির্বাচনের দিন ধার্য ছিল। তবে চেয়ারম্যান পদে এক প্রার্থীর নাম ভোটার তালিকায় বাদ পড়ায় তিনি হাইকোর্টে রিট করেন। আদালত রুল ও চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেন। চূড়ান্ত শুনানি শেষে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট আবেদনকারী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আবেদন, যা ৮ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির কথা রয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী জানান, নির্বাচন কমিশন ১১ এপ্রিল বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করে। এ জন্য ১৭ এপ্রিল প্রকাশিত ভোটার তালিকায় ফাহিমা বেগমের নাম বাদ পড়ে। চেয়ারম্যান পদ ছাড়া অন্য সব পদে ২৮ ডিসেম্বর বগুড়া জেলা পরিষদের নির্বাচন হয়। তখন আবেদনকারী ভোট দেন, তবে এবার তাঁর নাম বাদ পড়ে। এটি মৌলিক অধিকারের পরিপন্থী।