বগুড়া জেলা বিএনপির সম্মেলন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এক বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখন পর্যন্ত সম্মেলন করতে পারেনি। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও দুটি উপজেলা ও একটি পৌর কমিটির সম্মেলন স্থগিত হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে দুই বার তারিখ ঘোষণা করেও সম্মেলন করা সম্ভব হয়নি।দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৩ সেপ্টেম্বরের মধ্যে জেলার ১২টি উপজেলাসহ ২৩টি সাংগঠনিক কমিটির সম্মেলন শেষ করা হবে। একই সময়ে ২৫ সেপ্টেম্বর জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে ২৩টি সাংগঠনিক কমিটির বেশির ভাগের সম্মেলন হয়েছে। তবে কোন্দলের কারণে গাবতলী উপজেলা ও পৌর এবং শাজাহানপুর উপজেলা কমিটির সম্মেলন করা যায়নি। এই তিনটি সাংগঠনিক কমিটির সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে গাবতলী উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রহমান তালুকদার দাবি করেছেন, কোন্দলের কারণে নয় গত ৯ সেপ্টেম্বর গাবতলীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা করায় সম্মেলন স্থগিত করা হয়েছে।জানা গেছে, গাবতলী উপজেলা বিএনপিতে বিরোধ অনেক আগের। এখানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিল্টন এবং উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের মধ্যে বিরোধ রয়েছে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দুই পক্ষ আলাদাভাবে মহড়া দিয়েছে। কয়েকটি কর্মসূচিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে। এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর দুপুরে গাবতলী পৌর যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম খুন হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। শুক্রবার গভীর রাতে করা মামলায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবতলী পৌর মেয়র মোরশেদ মিল্টন এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হককে আসামি করা হয়। মামলা মাথায় নিয়ে এই দুই নেতা গা-ঢাকা দেন। ফলে ১৬ সেপ্টেম্বর পৌর ও ২২ সেপ্টেম্বের উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত হয়ে যায়। উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আমিনুর রহমান তালুকদার দলীয় কোন্দলের কথা অস্বীকার করে বলেন, মোরশেদ মিল্টন ও এনামুল হককে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে ওই মামলায় জড়ানো হয়েছে। সম্মেলন স্থগিত হওয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সম্মেলন করার পরিবেশ নেই। মোরশেদ মিল্টনও একই কথা বলেন। এ বিষয়ে জাহিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এদিকে শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দারের মধ্যে বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। গত ২২ আগস্ট কেন্দ্রীয় নেতা-কর্মীদের সামনে দুই পক্ষের হাতাহাতির পর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আবারও দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এমনকি দুই পক্ষ একই স্থানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করে। এ নিয়ে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় সাংসদ ও দলের স্থানীয় কমিটির সদস্য মওদুদ আহম্মেদের নির্দেশে জেলা বিএনপি দুই পক্ষের ইফতার মাহফিল স্থগিত করে দেয়। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বলেন, দলীয় কোন্দল নয়, ইউনিয়ন কমিটিগুলো শেষ করতে না পারার জন্য যথাসময়ে সম্মেলন হয়নি।জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান এ বিষয়ে বলেন, বিএনপি একটি বড় দল। স্থানীয়ভাবে ব্যক্তি বিরোধ থাকতে পারে। ২৫ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলনের তারিখ থাকলেও তা হয়তো করা সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি এই সম্মেলন হবে বলে তিনি মন্তব্য করেন।