বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক স্বাভাবিক হয়নি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দেবে গিয়ে আটকে পড়া একটি পণ্যবাহী ট্রাক গতকাল শুক্রবারও সরানো যায়নি। ফলে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের যান চলাচল স্বাভাবিক হয়নি।
উপজেলার সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ভাঙা গর্তে পণ্যবাহী কয়েকটি ট্রাক গত বুধবার রাতে আটকে পড়ে। এতে করে জয়পুরহাটের সঙ্গে বগুড়া, রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, আটকে পড়া পণ্যবাহী যানগুলোকে টেনে তোলার চেষ্টা চলছে। কিন্তু ট্রাকে অতিরিক্ত পণ্য তোলার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল শুক্রবার দিনভর চেষ্টা করে গর্তে পড়া কয়েকটি ট্রাক টেনে তোলা সম্ভব হয়। কিন্তু পাথরবাহী একটি ট্রাক টেনে তোলার পর আবার গর্তে দেবে গেছে। এতে এ সড়কে যান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, সড়কটির কিচক থেকে সাদুরিয়া হিমাদ্রি হিমাগার এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি। সরু রাস্তা হওয়ায় ট্রাকগুলো ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে পারাপার হতেও পারছে না। এ সড়ক দিয়ে বাসসহ কোনো যানবাহনই চলতে পারছে না। আপাতত ব্যবস্থা হিসেবে বগুড়ার বাস কিচক পর্যন্ত এবং জয়পুরহাটের বাস পুনট পর্যন্ত ভেঙে ভেঙে চলাচল করছে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি পঞ্চগড় থেকে ৩০ টন পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় জয়পুরহাট হয়ে রওনা দেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাদুরিয়া এলাকায় এসে গর্তে ট্রাক দেবে যায়। শুক্রবার নানা চেষ্টা করে ট্রাক কিছুটা টেনে তুললেও একটু পরে আবার দেবে যায়। দুদিন ধরে লোকালয়ের অদূরে এই ফাঁকা জায়গায় অনাহারে-অর্ধাহারে সময় কাটছে তাঁর।