বগুড়া-জয়পুরহাট থেকে বিষাক্ত কলা যাচ্ছে সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত পাকাতে বগুড়া ও জয়পুরহাটের ব্যবসায়ীরা কাঁচা কলায় বিষাক্ত কার্বাইড ছিটাচ্ছেন। কার্বাইড মেশানো কলা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে পেকে যায়। পরে সেই কলা ট্রাকে করে পাঠানো হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কার্বাইড মেশানো এই কলা মানবদেহের কিডনি ও যকৃতের জন্য ক্ষতিকারক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া ও জয়পুরহাটের চারটি বাজার থেকে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক কার্বাইড মেশানো কলা যাচ্ছে সারা দেশে। ট্রাকের আকার ভেদে ৩০০ থেকে ৫০০ কাঁদি কলা ধরে। প্রতি কাঁদিতে ১৫০ থেকে ২০০টি কলা থাকে। বগুড়া-রংপুর মহাসড়কের দুই পাশে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা ও মোকামতলায় প্রতি সপ্তাহে চার দিন কলার হাট বসে। পাইকারি এই হাট থেকে কলা ঢাকাসহ দেশের দক্ষিণ, পশ্চিম ও পূর্বাঞ্চলে পাঠানো হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, মোকামতলা ও চন্ডিহারায় প্রতি হাটে ৫০ থেকে ৭০ ট্রাক কলা বিক্রি হয়। চন্ডিহারায় সপ্তাহের শনি ও বুধবার এবং মোকামতলায় সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে হাট বসে এবং দুপুরের মধ্যে বেচাকেনা শেষ হয়ে যায়। সম্প্রতি সরেজমিনে মোকামতলা কলার হাটে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা বেপারিরা কলা কিনে মহাসড়কের পাশে সাজিয়ে রাখছেন। এসব কলা ট্রাকে তোলার আগে বালতিতে রাসায়নিক পদার্থের সঙ্গে পানি মিশিয়ে স্প্রে মেশিন দিয়ে কলার কাঁদিতে স্প্রে করা হচ্ছে। তরল ওই রাসায়নিক পদার্থটি ভারত থেকে আসে, নাম প্রমোট। কলার ব্যবসায়ী কসিম উদ্দিন জানান, স্প্রে করার কারণে ১২ ঘণ্টার মধ্যে কলার রং সবুজ থেকে হলুদ হয়ে যায় এবং ওই কলা দুই-তিন দিন শক্ত থাকে। ফলে খুচরা বিক্রেতাদের জন্য সুবিধা হয়। এ ছাড়া কলার রং হলুদ থাকায় ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা এমদাদ হোসেন জানান, কার্বাইড চুনের মতো এক ধরনের রাসায়নিক পদার্থ। এটা পানিতে মিশিয়ে স্প্রে করা হয়। এ ছাড়া ব্যবসায়ীরা কপার সালফেট ফল পাকানোর জন্য ব্যবহার করেন। ক্যালসিয়াম কার্বাইড, কার্বাইড ও কপার সালফেট মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাসায়নিক পদার্থ মেশানো ফল খেলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কিডনি ও যকৃতের। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজার ও জামালগঞ্জ বাজারের কলা ব্যবসায়ীদের আড়তে কাঁচা কলার কাঁদিতে বিষাক্ত কার্বাইড পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে দেখা গেছে। দুর্গাদহ বাজারে ১০-১২টি আড়ত থেকে কলা চাষের মৌসুমে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক কার্বাইড মেশানো কলা বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। আর জামালগঞ্জ বাজার থেকে যাচ্ছে নয় থেকে ১০ ট্রাক কলা। সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের কৃষক বিশ্বনাথ ও নিখিল চন্দ্রের বাগান থেকে ৮১ কাঁদি কলা কিনে এক ব্যবসায়ী জমির পাশেই কার্বাইড স্প্রে করে ভ্যানে করে দুর্গাদহ বাজারে নিয়ে আসেন। তাঁরা জানান, বড় ট্রাকে সাড়ে ৪০০ থেকে ৫০০ কাঁদি কলা ধরে। আর ছোট ট্রাকে ধরে ৩০০ থেকে ৪০০ কাঁদি। প্রতি কাঁদিতে ১৫০ থেকে ২০০টি কলা থাকে। জয়পুরহাটের খুচরা বিক্রেতারা কলায় রাসায়নিক মেশানোর অভিযোগ অস্বীকার করেছেন। শহরের কলা বিক্রেতা ফরিদ উদ্দিন জানান, তাঁরা কলা পাকানোর ঘরে আগুনের তাপ দিয়ে কলা পাকান। শহরের বাসিন্দা নিরঞ্জন জানান, বাসার জন্য কলা কিনে নিয়ে গেলে এক রাতের মধ্যেই কলা কালো রঙ ধারণ করে খাবার অযোগ্য হয়ে পড়ে। জয়পুরহাট জেলা আধুুনিক হাসপাতালের চিকিত্সক আবদুর রকিব প্রথম আলোকে জানান, কার্বাইড মেশানো কলা বেশি দিন ধরে খেলে কিডনি, চামড়াসহ অনেক রোগ হতে পারে।