বগুড়া-জয়পুরহাট সড়কে গর্তে আটকা গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গর্তে পণ্যবাহী কয়েকটি ট্রাক আটকে পড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জয়পুরহাটের সঙ্গে বগুড়া, রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়কের দুপাশে আজ শুক্রবার সকাল পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। গত বুধবার রাতে প্রথমে পাথর ও ডালবাহী দুটি ট্রাক সড়কের গর্তে পড়ে আটকে যায়। পরে পণ্যবাহী আরও কয়েকটি ট্রাক গর্তে পড়ে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালাই বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ার পর জয়পুরহাট জেলার সঙ্গে বগুড়া ও রাজধানী ঢাকার পথে চলাচলকারী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল থেকে বগুড়ার বাস বলরামপুর পর্যন্ত এবং জয়পুরহাটের বাস বাঁশের ব্রিজ পর্যন্ত ভেঙে ভেঙে চলাচল করছে।

বগুড়া মোটরমালিক গ্রুপের মুখপাত্র ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার রাত থেকে বগুড়া-জয়পুরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় মালিক-শ্রমিকদের চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। শুক্রবার সকাল থেকে বগুড়ার বাস কিচক পর্যন্ত এবং জয়পুরহাটের বাস ধুনট পর্যন্ত ভেঙে ভেঙে চলাচল করছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, পণ্যবাহী যানগুলোকে টেনে তোলার জন্য সওজের উদ্ধারকারী ট্রাক পাঠানো হয়েছে।

নাজমুল হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সওজ বিভাগ বা প্রশাসনের কোনো তৎপরতা নেই।