বগুড়া-জয়পুরহাট সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-বগুড়া সড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর পুলিশ বক্সের কাছে শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল সোনার গয়না, মোবাইল ফোনসেটসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, গণেশপুর পুলিশ বক্স থেকে মাত্র ৫০ গজ দূরে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য ছিল না। ডাকাত দল প্রথমে সড়কের পাশের একটি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে ওই সড়কে চলাচলকারী একটি মাইক্রোবাস, দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল লুটে নেওয়া হয়। এ সময় ওই সড়কে একটি ট্রাক ঝুঁকি নিয়ে প্রতিবন্ধকতা অতিক্রম করে পাশের শহরতলি ও রথবাড়ী এলাকায় এসে ডাকাতি হওয়ার সংবাদ জানায়। পরে মানুষ একজোট হয়ে ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাত দলের সদস্যরা হাফপ্যান্ট পরিহিত ছিল বলে ডাকাতের কবলে পড়া লোকজন গ্রামবাসীকে জানিয়েছে।