দুই সপ্তাহ পর বগুড়া-জয়পুরহাট, জয়পুরহাট-ঢাকা-চট্টগ্রামসহ দুরপাল্লার ও অভ্যন্তরীণ ১০টি পথে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।গতকাল রোববার বগুড়া মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত বগুড়া ও জয়পুরহাট জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সমঝোতা বৈঠকে বিরাজমান বিরোধের মীমাংসা হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।গত ২৩ মার্চ থেকে বগুড়া-জয়পুরহাটসহ অভ্যন্তরীণ কয়েকটি পথে ও ১ মার্চ থেকে জয়পুরহাট-ঢাকা-চট্টগ্রাম দূরপাল্লার সব পথে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বগুড়া মোটর মালিক গ্রুপ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। প্রতিবাদে জয়পুরহাটের বাস শ্রমিকেরা সেখানকার আটটি অভ্যন্তরীণ পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। বৈঠক শেষে বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বগুড়ার মালিকদের সঙ্গে আলোচনা না করেই জয়পুরহাটের মালিকেরা বগুড়া-জয়পুরহাট পথে দুটি বাস নামানোকে কেন্দ্র করে দুই জেলার মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দুই জেলার মালিকদের বিরোধ কেন্দ্র করে শ্রমিকেরা দুর্ভোগে পড়ায় জয়পুরহাটের আটটি রুটে বাস ধর্মঘট ডাকা হয়েছিল। মালিকদের মধ্যে সমঝোতা হওয়ায় রোববার থেকেই শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।