বগুড়া-জয়পুরহাটে মানসম্পন্ন আলুবীজের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাট জেলায় মানসম্পন্ন আলুবীজের সংকট দেখা দিয়েছে। দুই জেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বিএডিসির আলুবীজের ব্যাপক চাহিদা থাকলেও, সংস্থাটি এ মৌসুমে পর্যাপ্ত বীজ সরবরাহ করতে পারছে না। এ সুযোগে বিএডিসির বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে বীজ বিক্রি হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার কার্যালয় সূত্র জানায়, এ মৌসুমে এ জেলায় ৬০ হাজার ৫৭৭ হেক্টর জমিতে ১১ লাখ ৫৭ হাজার ২০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় আলুবীজের চাহিদা ৯০ থেকে ৯২ হাজার মেট্রিক টন। অথচ বিএডিসি থেকে সরবরাহ মিলেছে ৫৫০ মেট্রিক টন। ফলে মানসম্পন্ন আলুবীজ কিনতে পারছেন না কৃষকেরা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক এ এইচ এম বজলুর রশিদ জানান, বিএডিসির বীজের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু বিএডিসি চাহিদার মাত্র ১০ শতাংশ বীজ সরবরাহ করতে পারে না। বাধ্য হয়ে কৃষকেরা বেসরকারি কোম্পানি থেকে এবং স্থানীয় পর্যায়ের বীজ সংগ্রহ করে চাহিদা মেটায়। বেশির ভাগ কৃষকের ভরসা এখন জেলার ২৯টি হিমাগারে স্থানীয়ভাবে সংরক্ষণ করা আলুবীজ।বগুড়া সদরের কয়েকটি এলাকা, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা সদরে খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকায় বিএডিসির বীজ কিনতে কৃষকেরা ডিলারের দোকানে ধরনা দিলেও মজুত ফুরিয়ে যাওয়ার অজুহাতে কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।বিএডিসি বগুড়ার আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, এ কার্যালয় থেকে বগুড়া ও জয়পুরহাট জেলায় ১৫৫ জন ডিলারের মাধ্যমে বীজ বিপণন করা হয়। এবার দুই জেলায় বিএডিসির বীজের চাহিদা ছিল প্রায় দুই লাখ মেট্রিক টন। অথচ বিএডিসি ২০ নভেম্বর পর্যন্ত দুই জেলায় মাত্র এক হাজার ৩২৪ মেট্রিক টন বীজ সরবরাহ করতে পেরেছে। এর মধ্যে বগুড়ায় ৪৩ জন ডিলারের মাধ্যমে করেছে ৫৫৬ মেট্রিক টন এবং জয়পুরহাটে ১১২ জন ডিলারের মাধ্যমে করেছে ৭৬৮ মেট্রিক টন।কালাই উপজেলার মোলামগাড়ি ও পাশের পাঁচশিরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বিএডিসির ডিলার ছাড়াও বেশ কিছু দোকানে দেদার বিক্রি হচ্ছে বিএডিসির বীজ। ৪০ টাকা কেজির কমে কোনো জাতের আলুবীজ পাওয়া যাচ্ছে না। বগুড়ার আটমুল গ্রামের আলুচাষি এনামুল হক বলেন, ‘বিএডিসির বীজ কিনতে শিবগঞ্জ ও কালাই উপজেলার বেশ কয়েকজন ডিলারের কাছে ধরনা দিয়েছি, কিন্তু কারও কাছে বিএডিসির বীজ পাইনি। অন্য কোম্পানির বীজ পেলেও দাম বিএডিসির বীজের প্রায় দ্বিগুণ।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক দেলবর হোসেন জানান, কালাই এলাকায় বেশি দামে আলুবীজ বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।বিএডিসি (বীজ) বগুড়ার উপপরিচালক হাবিবুর রহমান জানান, সীমাবদ্ধতার কারণে বিএডিসি দুই জেলার মোট চাহিদার মাত্র ২০ শতাংশ আলুবীজ সরবরাহ করতে পারে। নির্ধারিত দামে বীজ বিক্রির জন্য বিএডিসি থেকে ডিলারদের নির্দেশনা দেওয়া থাকে। তার পরও কোথাও বেশি দামে বিক্রি হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির।