বগুড়া-জয়পুরহাটে সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রশাসন ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির নেতারা। এখানকার সংখ্যালঘু মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি এখনো কাটেনি।সাম্প্রতিক সহিংসতায় দুই জেলায় হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে গতকাল বিকেলে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। তাঁরা বলেন, এই দুই জেলায় সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক স্থানে সংখ্যালঘু মানুষ এখনো বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। কোথাও রাত জেগে মন্দির পাহারা দেওয়া হচ্ছে।নেতারা দাবি করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত রোববার বগুড়ার গাবতলীতে মন্দির পরিদর্শন শেষে আওয়ামী লীগকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন, তার ভিত্তি নেই।ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, গাবতলীতে সাতটি মন্দির, তালোড়া বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান, জয়পুরহাটের মাধাইনগর বাজারে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান, কেন্দুল বাজারে সাতটি দোকান এবং কাঁশড়া-গোবিন্দপুরে পাঁচটি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এসবের জন্য জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা দায়ী।প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক বলেন, হামলাকারীরা অচেনা নয়। স্লোগান দিয়ে, উল্লাস করে সংখ্যালঘু পরিবারের ওপর তাণ্ডব চালানো হয়েছে। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পূজা উদ্যাপনবিষয়ক সম্পাদক নীহাররঞ্জন হাওলাদার, বগুড়া জেলা কমিটির সভাপতি এন সি বাড়ৈ, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমৃতলাল সাহা ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।হরতাল প্রত্যাহারের দাবি: আজ বুধবার হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমার দিন ১৮-দলীয় জোটের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা। নিমচন্দ্র ভৌমিক বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে পাবনা ও কুষ্টিয়া অঞ্চলে তিন দিন ধরে হিন্দুদের বৃহৎ সমাবেশ হয়।