বগুড়া-জয়পুরহাটের তিনটি পথে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে জয়পুরহাটের তিনটি পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বগুড়ার বাসমালিকেরা। ওই পথে নতুন করে দুটি বাস নামানোকে কেন্দ্র করে জয়পুরহাটের বাসমালিকদের সঙ্গে বিরোধের জের ধরে বগুড়ার বাসমালিক-শ্রমিকেরা গতকাল শনিবার থেকে তিনটি পথে বাস চলাচল বন্ধ করে দেন।এক সপ্তাহ ধরে নিজ নিজ জেলার সড়ক-সীমানা পর্যন্ত বাস চালাচ্ছিলেন দুই জেলার মালিকেরা। কিন্তু শুক্রবার বিকেল থেকে বগুড়ার মালিকেরা বগুড়া-জয়পুরহাট পথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আর শনিবার থেকে বগুড়া-আক্কেলপুর এবং সান্তাহার-জয়পুরহাট পথে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বগুড়া মোটর মালিক গ্রুপ ও জয়পুরহাট বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সূত্রে জানা গেছে, বগুড়া থেকে জয়পুরহাটের ওই তিনটি পথে দুই জেলার বাসমালিকদের মোট ১০৬টি বাস চলাচল করে। ২২ মার্চ জয়পুরহাটের মালিকেরা এই পথে তাঁদের আরও দুটি বাস নামালে তাতে আপত্তি তোলেন বগুড়ার বাসমালিকেরা। এ নিয়ে বিরোধ তৈরি হলে বগুড়ার বাসমালিকেরা তাঁদের টার্মিনাল থেকে জয়পুরহাটের বাস বের করে দেন। প্রতিবাদে বগুড়ার বাসমালিকদের বাস জয়পুরহাট টার্মিনাল থেকে বের করে দেন সেখানকার বাসমালিকেরা। ওই ঘটনায় গত রোববার থেকে ওই তিনটি পথে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিজ নিজ জেলার সড়ক-সীমানা পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেন উভয় জেলার মালিকেরা।বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মালিক-শ্রমিক সংগঠনের যৌথ সিদ্ধান্তে বগুড়া-জয়পুরহাটের সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে বগুড়া-জয়পুরহাট পথে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ থাকবে। জয়পুরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন অভিযোগ করেন, নিজেদের জন্য নির্ধারিত সময়ে দুটি নতুন গাড়ি নামাতে চেয়েছিলেন জয়পুরহাটের মালিকেরা। কিন্তু বগুড়ার মালিকেরা তাতে আপত্তি তুলে টার্মিনাল থেকে জয়পুরহাটের গাড়ি বের করে দিয়েছেন।