বগুড়া-ঢাকা বাসে দ্বিগুণ ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে যেতে টিকিট না পেয়ে প্রতিদিন নানা বিড়ম্বনায় পড়ছে বগুড়ার শত শত যাত্রী। বগুড়া থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। টিকিট না পেয়ে অনেক যাত্রী ট্রাকে করে ঢাকায় যাচ্ছে। গত শুক্র ও গতকাল শনিবার বগুড়া বাস টার্মিনাল ও রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যারা ঈদের ছুটির সঙ্গে আরও দুদিন বেশি ছুটি নিয়ে বাড়ি এসেছিল তাদের অনেকেই ঢাকায় ফেরার জন্য গতকাল শনিবার বাস কাউন্টারে গিয়ে টিকিট পায়নি। তারা কালোবাজারে টিকিট কিনে বাসে চড়েছে। ঢাকাগামী বাসগুলোর টিকিট ইতিমধ্যে উধাও হয়ে গেছে। বগুড়া থেকে ঢাকার ভাড়া ৩০০ টাকা হলেও অন্য সময়ে ২৮০ টাকা নেওয়া হতো। ঈদের সময় এই ভাড়া কিছু যাত্রীর কাছ থেকে ৩২০ টাকা নেওয়া হলেও এখন যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। কাউন্টার থেকে টিকিট নেই বলা হলেও ৫০০ থেকে ৬০০ টাকা দিলেই একটি টিকিট মিলছে। ব্যাংকার আফজাল হোসেন বলেন, ‘ঈদের পর দুই দিন ছুটি নিয়েছিলাম। ভেবেছিলাম, এই দুই দিনে ভিড় কমবে। ঢাকায় যেতে কোনো সমস্যা হবে না। এখন ৬০০ টাকায় টিকিট কেটে ঢাকায় যাচ্ছি।’ গত শুক্রবার শহরের ঠনঠনিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কোনো কোনো যাত্রী টিকিট না পেয়ে মহাসড়কে গিয়ে ট্রাকে করে ঢাকায় যাচ্ছে। গতকাল শনিবার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে টিকিট নেই। আবার বেশি টাকা দিলে টিকিট মিলছে। গতকাল শনিবার দুপুরে ইয়াছিন আলী নামের এক ব্যবসায়ী শ্যামলী পরিবহন থেকে ঢাকায় যাওয়ার জন্য একটি টিকিট নিয়েছেন ৬০০ টাকায়। শ্যামলী পরিবহনের আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার সাহা ৬০০ টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, গাড়িগুলো খালি আসবে বিধায় ৩০০ টাকার টিকিট ৩২০ টাকা নেওয়া হচ্ছে। টিআর ট্রাভেলস নামের বাসের টিকিট বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। টিআর ট্রাভেলসের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের দাম সাড়ে ৪০০ থেকে ৬০০ টাকা। ঈদের কারণে এই টিকিটের দাম নেওয়া হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। টিআর বাস কাউন্টারের কর্মকর্তা হারুনর রশিদ জানান, মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে ১৫০ টাকা ও বিলাসবহুল আরও একটি গাড়িতে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আক্তারুজ্জামান বলেন, ঈদের সময় ঢাকা থেকে গাড়িগুলো খালি আসে। এই কারণে ভাড়া একটু বেশি নেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া আছে।