বগুড়া-ঢাকা মহাসড়কে বিআরটিসির এসি বাস চালু
বগুড়া-ঢাকা মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসির) শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ২০টি নতুন বাস চালু হয়েছে।গতকাল মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথায় বিআরটিসির ডিপোতে নতুন এই বাসসেবার উদ্বোধন করেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম। বগুড়া বাস ডিপো সূত্র জানায়, যাত্রী চলাচলের সুবিধার্থে বিআরটিসি কর্তৃপক্ষ সম্প্রতি ৩০টি বাস বগুড়া ডিপোকে দেয়। এর মধ্যে ২০টি বাস শীতাতপ নিয়ন্ত্রিত। এই বাসগুলো বগুড়া-ঢাকা পথে চলবে। বাকি ১০টি নন এসি বাস দু-একদিনের মধ্যে খুলনা, চট্টগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন পথে চলবে।গতকাল সকাল ছয়টার দিকে উদ্বোধন শেষে এক ঘণ্টা পর পর ১০টি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসগুলো ঢাকার উত্তরা-মহাখালী হয়ে মতিঝিলে বিআরটিসির বাস ডিপোতে যাবে। টিকিটের দাম ধরা হয়েছে ৩৮০ টাকা।এদিকে বিআরটিসির নতুন বাসসেবার ব্যাপারে অনেক যাত্রী তেমন কিছু জানতে পারেননি। অনেকে সকালে সাতমাথায় এসে জানতে পারেন বাসের কথা। নতুন বাস পেয়ে অনেকে টিকিট কাটেন। কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রী ছিল তুলনামূলক কম।এ ব্যাপারে বিআরটিসির টিকিট বিক্রেতা মাহফুজ মিয়া বলেন, প্রচার না থাকায় যাত্রীরা বিষয়টি জানতে পারেননি। বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বাস দেখে অনেক যাত্রী আগ্রহ নিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন।বগুড়ার ব্যবসায়ী নুরুন্নবী বলেন, বিআরটিসির বাস চালু হওয়ায় খুব ভালো হলো। কারণ, এর ভাড়া বেসরকারি বাসের চেয়ে কম।নতুন বাসসেবার ব্যাপারে বিআরটিসির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার প্রথম আলোকে বলেন, যাত্রীদের সুবিধার্থে সরকার ঈদের আগেই বগুড়া-ঢাকা পথে ২০টি নতুন এসি বাস চালু করেছে। এতে বর্তমানে টাঙ্গাইল-গাজীপুর-মহাখালী পথে বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে।শুভাশীষ বলেন, চলতি বছরেই বগুড়া ডিপোতে আরও ১০০ বিআরটিসির বাস যুক্ত হবে।