বগুড়া থিয়েটারের তিন যুগ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’—স্লোগান নিয়ে গতকাল রোববার বগুড়া থিয়েটার তাদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। গর্ব ও ঐতিহ্যের ৩৬ বছরের পথচলাকে পেছনে ফেলে নাটকের মাধ্যমে দিনবদল ও নতুন পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে তিন যুগ পূর্তি উৎসবের আয়োজন করে সংগঠনটি।

তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল উদ্বোধনী দিনে ছিল আনন্দ পদযাত্রা, নাট্যকর্মীদের স্মৃতিচারণা, নাট্যজন ও নাট্যকর্মীদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, থিয়েটার আড্ডা এবং নাটকের গান। এ ছাড়া তিন যুগ পূর্তি উপলক্ষে ঈদের পর হবে ১০ দিনব্যাপী নাট্যোৎসব।

গতকাল সন্ধ্যায় তিন যুগ পূর্তি উপলক্ষে সেরা নাট্যজনদের সম্মাননা দেওয়া হয়। এ বছর বগুড়া থিয়েটার পদক ও খন্দকার গোলাম কাদের পদক পেয়েছেন যথাক্রমে বাঁধন দাস (আলোক নির্দেশনা) ও অধ্যাপক মোস্তফা আলী (নাট্য রচনা ও গবেষণা)। বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী নাট্যজনদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, ঢাকায় অবস্থিত বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান, আইনজীবী আবদুল মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আতিকুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান।

 ১৯৮০ সালে পাপ-পুণ্য নাটক দিয়ে বগুড়া থিয়েটারের অভিষেক ঘটেছিল মঞ্চে। গত ৩৬ বছরে ৬৪টি নাটক ১ হাজার ৫৮০ দফা মঞ্চে এনেছে বগুড়া থিয়েটার। দেশের সীমানা পেরিয়ে বগুড়া থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়েছে বিদেশের মঞ্চেও।

নাট্যকর্মীর খোঁজে: এদিকে তিন যুগ পূর্তিতে নতুন নাট্যকর্মীর খোঁজে নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। বগুড়া থিয়েটারের অনুজপ্রতিম সংগঠন সরকারি আজিজুল হক কলেজ থিয়েটারের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। 

পরে নবীন নাট্যকর্মীরা সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে চারটি নাটক মঞ্চায়ন করেন। এর মধ্যে তন্ময় সূত্রধরের নির্দেশনায় ইভ টিজিং, রেজোয়ান রাফির নির্দেশনায় মাদক, ফিরোজুল ইসলামের নির্দেশনায় অ্যাসিড নিক্ষেপ, আশিকুর রহমানের নির্দেশনায় যৌতুক ও বাল্যবিবাহ নাটক মঞ্চায়ন হয়।