বগুড়া-ধুনট সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদরের সঙ্গে ধুনট উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ গত বুধবার থেকে বন্ধ রয়েছে। ধুনটে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন সেতুর বিকল্প পথে পানি ওঠায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় লোকজনের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের গাফিলতির কারণে বগুড়া সদর ও ধুনটের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বথুয়াবাড়ী এলাকার ঘাটের তিনটি ফেরিই নষ্ট। ফেরিগুলো ভালো থাকলে সহজেই যানবাহন পারাপার করতে পারত। এগুলো চালু করার ব্যাপারে সওজ ব্যবস্থা নিচ্ছে না।সওজ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বথুয়াবাড়ী এলাকায় গত ৩ জুন থেকে গার্ডার সেতু নির্মাণের কাজ চলছে। ওই স্থানে আগে একটি বেইলি সেতু ছিল। নির্মাণকাজ চলায় যানবাহন চলাচলের জন্য এর পাশেই নষ্ট হওয়া একটি ফেরি দিয়ে যানবাহন চলাচলের জন্য বিকল্প পথ তৈরি করা হয়। বাঙ্গালী নদীতে পানি বাড়ায় সড়কটি তলিয়ে গেছে। শেরপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ সাহা বলেন, ‘বিকল্প সড়কে পানি জমে থাকায় গাড়ি পারাপার করতে পারছি না। ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করতে গিয়ে গত দুদিনে ৮-১০টি গাড়ি নষ্ট হয়ে গেছে। ফেরির পশ্চিম পাশে স্টিলের পাটাতন দিলেই গাড়ি পার করা যেত, কিন্তু সওজ কর্মকর্তারা সে ব্যবস্থা করছেন না।’ফেরির তদারককারী কর্মকর্তা সওজের সহকারী প্রকৌশলী (ফেরি বিভাগ) আশরাফ আলী বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি আমি জানি না। আর আমাদের সেখানে তেমন কোনো কাজ নেই। তবে নির্মাণকাজ তদারকির দায়িত্বে নিয়োজিত সওজের কর্মকর্তারা ওই সমস্যা সমাধান করবেন।’সওজের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘বথুয়াবাড়ী ঘাটে ফেরি চলাচলের বিষয়টি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অনুমোদন পেলে সব ধরনের যানবাহন ও পথচারীদের চলাচলের ব্যবস্থা হবে। আপাতত আমাদের কিছুই করার নেই।’