বগুড়া-নগরবাড়ী পথে বাস চলাচল ১১ দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাড়ী-বগুড়া সড়কে ১১ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনার নগরবাড়ী পরিবহন (বাস) মালিক সমিতির সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া পরিবহন মালিক এবং শ্রমিক সমিতির দ্বন্দ্বের কারণে এ অবস্থা তৈরি হয়েছে। এতে যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি পরিবহনশ্রমিকেরাও পড়েছেন আর্থিক সংকটে।
মাস খানেক আগে পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (নগরবাড়ী) নগরবাড়ী-বগুড়া রুটে একটি বাস নামায়। নগরবাড়ী পরিবহন মালিক সমিতির অভিযোগ, বাসটির চলাচল নিয়ে শুরু থেকেই শাহজাদপুর মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ১ আগস্ট এ দুটি সংগঠনের নেতারা বাসটি শাহজাদপুর থেকে ফিরিয়ে দেন। এর পাল্টা জবাবে নগরবাড়ী পরিবহন মালিক সমিতির লোকজন বেড়ার কাশীনাথপুরে শাহজাদপুর মোটর মালিক সমিতি নিয়ন্ত্রণাধীন বাসগুলোকে আটকে দেন। এর ফলে নগরবাড়ী-বগুড়া পথে নগরবাড়ী ও শাহজাদপুর বাস মালিকদের সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে আরেকটি বাসের চলাচলের সময় নিয়ে আগে থেকেই নগরবাড়ীর সঙ্গে উল্লাপাড়া বাস মালিকদের বিরোধ ছিল। এর জের ধরে কাশীনাথপুর হয়ে উল্লাপাড়া পরিবহন মালিকদের নিয়ন্ত্রণাধীন বাসগুলোর চলাচলও বন্ধ হয়ে যায়।
সাঁথিয়া উপজেলার শহীদনগর গ্রামের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘কাশীনাথপুর ও করমজা হাটের থ্যা সবজি কিইন্যা বগুড়ায় বেচত্যাম। বাস চলাচল বন্ধ হওয়ার পরের থ্যা ব্যবসা বন্ধ হয়া রইছে। নছিমন-করিমন বা সিএনজিতে ভাইঙ্যা ভাইঙ্যা সবজি নিয়্যা বগুড়ায় যাওয়া যায়। কিন্তু এতে লাভ না হয়া উল্টা লস হবি।’
এদিকে ১১ দিন ধরে শতাধিক বাস চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে রয়েছেন এর সঙ্গে জড়িত তিন শতাধিক পরিবহনশ্রমিক। বেড়া পৌর এলাকার বাসশ্রমিক বাবু মিয়া বলেন, ‘১১ দিন ধইর্যা আয়-রোজগার বন্ধ। ধারদেনা কইর্যা সংসার চালাত্যাছি।’
পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের (নগরবাড়ী) সাধারণ সম্পাদক গোলাম নবী রতন বলেন, ‘শাহজাদপুর পরিবহন সমিতির লোকজন আমাদের কোনো কথাই মানতে চান না। বাস চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি।’
শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।’