বগুড়া-নাটোর মহাসড়কের সংস্কার অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নাটোর মহাসড়কের ৩২ কিলোমিটার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল গত বছর অক্টোবর মাসে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ডিসেম্বরে হঠাত্ করে কাজ বন্ধ করে দেয়। এতে বড় বড় গর্তে ভরা সড়ক সংস্কারের কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয় বছর আগে পাবনার পাকশীতে পদ্মা নদীর ওপর ‘লালন সেতু’ নির্মিত হওয়ার পর খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর সঙ্গে বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়াসহ ১০ জেলার মধ্যে সড়কপথে যোগাযোগ বেড়ে যায়। দিন দিন যানবাহনের সংখ্যা বাড়লেও কোনো সংস্কার না হওয়ায় দুই বছর আগে সড়কটির বগুড়া অংশের শাজাহানপুর উপজেলার বাবুরপুকুর থেকে নন্দীগ্রাম উপজেলা পর্যন্ত ১০ কিলোমিটার অংশে অনেক গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। এই গর্তের গভীরতা কোথাও আট থেকে ১০ ইঞ্চি আবার কোথাও এক ফুট। এসব গর্তে পরে প্রতিদিন অনেক যানবাহন বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো বিকল হয়ে পড়ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, খানাখন্দসহ ছোট-বড় শতাধিক গর্তের কারণে মহাসড়কের ৩২ কিলোমিটার অংশের মধ্যে সবচেয়ে খারাপ ১০ কিলোমিটার অতিক্রম করতে ৩০ মিনিটেরও বেশি সময় ব্যয় হচ্ছে। এ অবস্থায় মহাসড়কটির সাত কিলোমিটার পুনর্নির্মাণ এবং ২৫ কিলোমিটার সংস্কারের জন্য ২০০৮ সালের অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। ২০০৯ সালের ১৫ মার্চ ঢাকার মেসার্স ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের মধ্যে কাজ শেষ করার শর্ত দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। সওজের সূত্রে জানা গেছে, শর্তানুযায়ী কার্যাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি সাত মাস পর ২০০৯ সালের অক্টোবরে কাজ শুরু করে। তবে ২০ দিন কাজ করার পর গত বছরের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। গত এক মাসে সওজের পক্ষ থেকে একাধিকবার চিঠি দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি।সওজের একটি সূত্রে জানা গেছে, দরপত্রে উল্লিখিত দরের চেয়ে ২৬ ভাগ কম দরে কাজ নেওয়ার কারণে লোকসানের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দিয়েছে। সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, ঠিকাদার হঠাত্ করেই কাজ বন্ধ করে দিয়েছেন। বার বার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না। ঠিকাদার অবিলম্বে কাজ শুরু না করলে তাঁর বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক প্রকৌশলী নাসির আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।