বগুড়া-নাটোর সড়কে গাছ ফেলে ডাকাতি
বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার রুপিহার নামক স্থানে গতকাল মঙ্গলবার রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হয়েছে। এ সময় ডাকাত দল তুহিন তালুকদার (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রাইভেট কার থেকে নামিয়ে ছুরিকাঘাত করে নগদ অর্থ লুট করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া শহরের সূত্রাপুর এলাকার সাবের তালুকদারের ছেলে তুহিন তালুকদার বগুড়ার নন্দীগ্রামে নিজের ব্যবসায়িক কাজ শেষে প্রাইভেট কারে করে বগুড়া ফিরছিলেন। রুপিহার নামক স্থানে সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ির চালক এর গতি কমিয়ে দেন। এ সময় ছয়-সাতজন যুবক তুহিনকে গাড়ি থেকে বের করে টাকা দিতে বলে। টাকা না দেওয়ায় তাঁর বাঁ হাত ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে নগদ ৪৪ হাজার টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।