বগুড়া-নাটোর সড়কে দুই দফা ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৪
বগুড়া-নাটোর সড়কে গাছ ফেলে দুই দফা ডাকাতির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একদল ডাকাত। এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগা মাগুর থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নাটোর সদর উপজেলার উত্তর পটুয়াপাড়ার সুলতান,তাহের আলী ও টুটুল খাঁ এবং কাঁঠালবাড়িয়া এলাকার আবুল হাসান। পুলিশের ভাষ্যমতে, তাঁরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। শাজাহানপুর থানার পুলিশ জানায়, ডাকাতদলটির প্রধান সরদার বাচ্চু (৪৮) মুঠোফোনে অন্যদের ডেকে নিয়ে গত বুধবার দিবাগত রাত একটার দিকে শাজাহানপুরের শালিখা গ্রামসংলগ্ন বগুড়া-নাটোর সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। সেখানে যানবাহন আটকা পড়লে তাঁরা ডাকাতির প্রস্তুতি নেন। তবে একপর্যায়ে পুলিশের টহল ভ্যান সেখানে হাজির হলে ডাকাতির পরিকল্পনা ভেস্তে যায়। পরে গতকাল ভোর চারটার দিকে ডাকাতদলটি সড়কের টেংগা মাগুরে আবারও ডাকাতির প্রস্তুতি নেয়। তবে এ সময় পুলিশের হাতে চারজন ধরা পড়েন। দলের প্রধান সরদার বাচ্চুসহ অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।