বগুড়া নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বগুড়া নিউমার্কেটে (ছমির উদ্দিন মার্কেট) অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক পুড়ে গেছে আরও ১০টি দোকান। গত মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কের পাশে অবস্থিত সবচেয়ে বড় এই মার্কেটের দোতলার একটি শাড়ি ও থ্রি-পিসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্রেতা-বিক্রেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ কোটি টাকা বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতেও নিউমার্কেটে বেচাকেনা চলছিল। বিশেষ করে শাড়ি কাপড়ের দোকানে ছিল অনেক ভিড়। রাত ১১টার দিকে মার্কেটের দোতলার শাড়ি প্যালেস ও রনি ফেব্রিকস নামে দুটি দোকান থেকে আগুনের সূত্রপাত।
বগুড়া সদর থানার পরিদর্শক আছলাম আলী বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব বের করতে সময় লাগবে।