বগুড়া পৌরসভার কাউন্সিলরদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভার বর্ধিত এলাকার নয়টি ওয়ার্ডের কাউন্সিলররা সম্মানী ভাতা প্রদান ও পৌরসভার সব সভায় তাঁদের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন। এই দাবিতে তাঁরা গতকাল রোববার পৌর চত্বরে চার ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৯ অক্টোবর বগুড়া পৌরসভার এলাকা বর্ধিত করা হয়। বর্ধিত এলাকায় বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়। সে অনুযায়ী এই নয়টি ইউনিয়ন পরিষদের ৪৪ জন সদস্য কাউন্সিলর হিসেবে পৌরসভার সঙ্গে যুক্ত হন। বর্ধিত এলাকার কাউন্সিলর বেলাল হোসেন জানান, পৌরসভার মধ্যে তাঁদের সংযুক্ত করা হলেও পৌরসভা থেকে কোনো সম্মানী ভাতা দেওয়া হচ্ছে না। এমনকি পৌরসভার মাসিক সভাসহ কোনো সভায় তাঁদের অংশ নিতে দেওয়া হয়নি। পৌর মেয়র বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ করে আসছেন। এরই প্রতিবাদ জানাতে তাঁরা আন্দোলনে নেমেছেন। এর আগে বহুবার লিখিতভাবে পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। সে জন্য ৩ নভেম্বর এসব দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেন। গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ৪৪ জন কাউন্সিলর পৌর চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেছেন। পরে এখানে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম। সমাবেশ থেকে কয়েক দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।