বগুড়া পৌরসভায় হাতবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বৃহস্পতিবার পৌরসভা কার্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার তিন কর্মচারী আহত হয়েছেন। এ ছাড়া সকালে ১৮ দলের মিছিল থেকে বগুড়া চেম্বারের সহসভাপতি ও ব্যবসায়ী সমীর দত্তের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে। সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
এদিকে কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: তিন দিনের হরতালের পর নাগরিক সেবা পেতে গতকাল পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে লোকজন ভিড় করেন। এ অবস্থায় বেলা ১১টার দিকে কার্যালয় চত্বরে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে পৌরসভা এলাকা ছাড়াও সামনের জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কাজে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতবোমায় সাবিনা ইয়াসমিন, জেল্লার রহমান ও ঈসরাইল স্বপন নামে পৌরসভার তিন কর্মচারী আহত হন। তাঁদের হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বোমা নিক্ষেপের সময় পৌরসভা চত্বরে থাকা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। অবরোধের কারণে গাড়িটি পৌরসভা কার্যালয় চত্বরেই রাখা হয়েছিল। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহকারী গ্রন্থাগারিক মিজানুর রহমান বলেন, হাতবোমায় গাড়ির সামনের অংশের কাচ ভেঙে গেছে।
সিরাজগঞ্জ: শহরের মুজিব সড়কে সকাল ১০টার দিকে জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ওই সড়কের খলিফাপট্টি মোড়ে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান অবরোধকারীরা। এর আগে সকাল আটটার দিকে সয়দাবাদ-বেলকুচি সড়কে সদর উপজেলার খিদির এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির কর্মীরা। এদিকে পৌর এলাকার রহমতগঞ্জে বুধবার রাত সাড়ে আটটার দিকে কাজীপুর থেকে সিরাজগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেন অবরোধকারীরা।
কুড়িগ্রাম: চিলমারী উপজেলা বিএনপির বিবদমান হামিদুল ও মঞ্জু পক্ষ সকাল ১০টায় অবরোধের সমর্থনে পৃথক মিছিল বের করে।
মিছিল দুটি উপজেলা পরিষদের সামনে এলে সংঘর্ষ এড়াতে মঞ্জু পক্ষের মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তাঁরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, একটি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, রিকশাভ্যানসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেন তাঁরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের ছয়টি শেল ও ৯০টি রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে জেলা বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলায় অতিরিক্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।