বগুড়া বারের তিনজনের সদস্যপদ স্থগিত
পণ্য বিপণনের নামে অবৈধভাবে আমানত সংগ্রহকারী হিসাবে আলোচিত কোম্পানি ইসলামী ট্রেড অ্যান্ড কমার্স লিমিটেডের (আইটিসিএল) গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিমসহ তিন আইনজীবীর সদস্যপদ পাঁচ বছরের জন্য স্থগিত করেছেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল।বার কাউন্সিল ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান আনিসুর রহমান খান ও সদস্য এএইচএম খালেকুজ্জামান গত ২৩ জুন এই স্থগিতাদেশ দেন। অন্য দুজন হলেন ফজলুল বারী ও আবদুস সালাম মুন্সি। বার কাউন্সিলের টাইব্যুনালের আদেশের অনুলিপি বগুড়ার জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিম কার্যালয়ে আসার পর বিষয়টি জানাজানি হয়।ট্রাইব্যুনালের আদেশ সূত্রে জানা গেছে, আইটিসিএলের প্রতারিত ৫৫ জন গ্রাহক আমানতের টাকা ফেরত চেয়ে বগুড়ার একটি আদালতে ২০০৪ সালে মামলা করেন। ২০০৭ সালে বগুড়া জেলা যুগ্ম জজ-১ আদালতে ডিক্রি জারির মামলা করেন বাদীপক্ষ। প্রতারিত ৫৫ জন গ্রাহকের মধ্যে অভিযুক্ত ওই তিন আইনজীবীও ছিলেন। আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরই এক কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৩১৮ টাকার ডিক্রি জারি করেন ও গ্রাহকদের আমানতের টাকা ফেরতের জন্য আইটিসিএলের সম্পত্তি নিলামে বিক্রির পক্ষে রায় দেন। রায়ের পর প্রতিষ্ঠানের এক কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৫০ টাকার সম্পত্তি বিক্রি করে সেই অর্থ উত্তোলনের আদেশ দেন আদালত।ডিক্রির অতিরিক্ত পাঁচ লাখ টাকা ভাগবাটোয়ারা নিয়ে অভিযুক্ত ওই তিন আইনজীবীর মধ্যে ওই সময়ে আদালত চত্বরে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি তদন্ত করতে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি বগুড়ায় আসে। ওই কমিটি ফিরে গিয়ে এ ব্যাপারে বার কাউন্সিলে একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বার কাউন্সিল বিষয়টি আমলে নিয়ে তা নিষ্পত্তির জন্য কাউন্সিলের ট্রাইব্যুনাল-১-এ পাঠান। বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, অভিযোগটি ভিত্তিহীন। ডিক্রি পাওয়া প্রতারিত গ্রাহকদের ব্যাংক চেকের মাধ্যমে সুদাসলে টাকা পরিশোধ করা হয়েছে। ডিক্রির অতিরিক্ত যে টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার কথা বলা হচ্ছে, তা বগুড়ার আইএফআইসি ব্যাংকের নির্ধারিত হিসাব নম্বরে জমা রয়েছে।