বগুড়া বিএনপির তারেক রহমান অনুসারীরা কেন্দ্রীয় কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নবঘোষিত কার্যনির্বাহী কমিটি নিয়ে বগুড়ায় চলছে নানা আলোচনা। ঘোষিত কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবারই প্রথম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বগুড়ার নয়জন নেতা স্থান পেলেন। তবে বেশ কয়েকজন সাংসদসহ অনেক ত্যাগী নেতা বাদ পড়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের অনুসারী নেতারাই ঘুরেফিরে দলে জায়গা করে নিয়েছেন।আলোচিত সাবেক সাংসদ, গম কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্ত হেলালুজ্জামান তালুকদার ওরফে লালুকে নির্বাহী কমিটির সদস্য করায় দলের অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন।কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রবীণ রাজনীতিবিদ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ এ কে এম হাফিজার রহমান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ মোস্তফা আলী, বিএনপির নেতা ও সাবেক হুইপ রেজাউল বারী, সাবেক সাংসদ ও পরিবহন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সাংসদ জিয়াউল হক মোল্লাসহ বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।কেন্দ্রীয় কমিটিতে বগুড়া থেকে যে নয়জন ঠাঁই পেয়েছেন, তাঁদের দু-একজন বাদে সবাই তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত। যাঁরা বিএনপির কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই পেলেন তাঁরা হলেন: বগুড়া-৩ আসনের সাংসদ আব্দুল মোমিন তালুকদার, গাবতলীর সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সাবেক সাংসদ রফিকুল ইসলাম, শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমান, শেরপুরের শ্রমিক নেতা আব্দুল মান্নান, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান এবং বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আলী আজগর। এই নয়জনের মধ্যে আব্দুল মোমিন তালুকদার রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন। বাকিরা নির্বাহী সদস্য। বিএনপির তারেক অনুসারীরা নির্বাহী কমিটিতে স্থান পাওয়ায় নেতা-কর্মীরা উল্লসিত।প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আব্দুল মোমিন তালুকদার দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করাই আমার কাজ।’ জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘দলকে গতিশীল করতে সবাইকে নিয়ে কাজ করে যাব। আগামী দিনে বগুড়ায় বিএনপিকে সংগঠিত করতে নিজেকে বিলিয়ে দেব।’কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া বগুড়া-২ আসনের সাংসদ এ কে এম হাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘নেত্রীর যা ভালো মনে হয়েছে তা-ই করেছেন।’ জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম এ বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ‘দল যা করেছে তা-ই সঠিক।’ বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যোগ্য নেতারা থাকবেন, এটা আশা করি। কিন্তু এবার যাঁদের ঠাঁই দেওয়া হয়েছে, তাঁদের চেয়েও যোগ্য নেতা ছিলেন।