বগুড়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা বিএনপির ১৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা বিএনপির কমিটি অনুমোদনের কাগজ বগুড়ায় পৌঁছায়।নাম প্রকাশ না করার শর্তে বেশ কজন নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, এ কমিটিতে অনেক নেতাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। হত্যা মামলার আসামিদেরও কমিটিতে রাখা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ এপ্রিল সাইফুল ইসলামকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও মীর শাহে আলমকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল। তাঁদের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু কোন্দলের কারণে আট মাসেও তা হয়নি।রোববার রাতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তালিকা এসে পৌঁছালে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা ভিড় করেন। দলের একাধিক নেতা জানান, দলের যাঁরা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাঁদের অনেককে কম গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বেশ কজনের বিরুদ্ধে হত্যা মামলা থাকলেও তাঁদের কমিটিতে রাখা হয়েছে।১৭২ সদস্যের কমিটিতে ২০ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য ৬০ জন। বাকিরা বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন। কোনো সাংসদকে এই কমিটিতে রাখা হয়নি। সাংসদ এ কে এম হাফিজার রহমান, আবদুল মোমেন তালুকদার, মোস্তফা আলী ও সাবেক সাংসদ হেলালুজ্জামানকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবার রহমানকে উপদেষ্টা পরিষদের এক নম্বরে রাখা হয়েছে।সারিয়াকান্দি থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান জানান, কিছু নেতা-কর্মীদের সন্তুষ্ট করার জন্য জেলা বিএনপির সভাপতি তাঁর অনুগত লোকজনদের কমিটিতে ঠাঁই করে দিয়েছেন। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দলের ত্যাগী নেতারা এবার কমিটিতে স্থান পেয়েছেন। সবাই এতে খুশি। এটা নিয়ে এবার কারও কোনো অভিযোগ নেই। যদি কেউ অভিযোগ করে থাকেন, তাহলে সেটা তাঁর মনগড়া।