বগুড়া বিএমএর নির্বাচন কাল, উৎসবমুখর পরিবেশ
বগুড়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন ঘিরে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচন উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ জেলার ২০টি সরকারি হাসপাতাল এবং আড়াই শ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কাল মোহাম্মদ আলী হাসপাতাল-সংলগ্ন আইএইচটি মিলনায়তন ভোটকেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জেলার মোট ১ হাজার ১৫৬ জন চিকিৎসক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চিকিৎসকদের সবচেয়ে বড় এই সংগঠনের জেলা শাখার এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২৩টি পদের মধ্যে ২২টি পদে ভোট গ্রহণ হবে।
কোষাধ্যক্ষ পদে ইতিমধ্যেই স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি সামির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ২২টি পদে সরকার-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ এবং বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মনোনীত আলাদা প্যানেল থেকে মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই দুই প্যানেল হলো স্বাচিপ মনোনীত মোস্তাফা আলম-রেজাউল আলম পরিষদ। অন্যদিকে ড্যাব-সমর্থিত প্যানেল হলো শাহ্ মো. শাহজাহান-আলীÑইকবাল হাসান পরিষদ।
নির্বাচনে শাজাহান আলী সরকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং আবদুল ওয়াদুদ, মোতারব হোসেন এবং তোফাজ্জল হোসেন মণ্ডল সদস্যের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন ও কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা এক মাস ধরে নিজ নিজ প্যানেলের পক্ষে জেলা-উপজেলার হাসপাতাল-ক্লিনিকে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা অতীতের সাফল্য ও নির্বাচিত হওয়ার পর চিকিৎসকদের অধিকার রক্ষায় নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।
স্বাচিপ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম বলেন, স্বাচিপ মনোনীত বর্তমান কমিটি রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে জেলায় চিকিৎসকদের ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করেছে।
অন্যদিকে ড্যাব মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী শাহ মো. শাহজাহান আলী বলেন, নির্বাচিত হলে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে বিএমএকে শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন নিশ্চিত করা হবে।