বগুড়া মেডিকেল কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের জের ধরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, গতকাল সন্ধ্যার আগেই হল ত্যাগ করেন শিক্ষার্থীরা।ছাত্রলীগের হামলায় আহত কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক জুনাইদ রায়হান ও সদস্য রায়হান মাহীকে সোমবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।শজিমেক সূত্র জানায়, সোমবার মেডিকেলের ক্যানটিনে কলেজ ছাত্রদলের কর্মিসভায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সংঘর্ষ বাধে। একপর্যায়ে হলে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ১৫ জন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন কলেজ ছাত্রদলের সভাপতি এস এম নাসিমুজ্জামান। নাসিমুজ্জামান বলেন, ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের তিন নেতার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম রাসেল পারভেজ বলেন, নাশকতার উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ে কলেজ ক্যানটিনে সভা করছিল ছাত্রদল। যোগাযোগ করলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল করিম বলেন, ‘ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘটিত সোমবারের ওই ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ ও হল বন্ধের সিদ্ধান্ত নেয়।’