বগুড়া মেডিকেলে শুরু হলো ডায়ালাইসিস কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের জন্য গতকাল বুধবার চালু হয়েছে ডায়ালাইসিস বিভাগের কার্যক্রম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৫ সালে হাসপাতালটি চালুর সময়ই কেনা হয়েছিল একটি ডায়ালাইসিস যন্ত্র। কিন্তু নেফ্রোলজি বিভাগ চালু না থাকায় এত দিন যন্ত্রটি বাক্সবন্দী ছিল। সম্প্রতি হাসপাতালে নেফ্রোলজি বিভাগ চালুর অনুমোদন মেলে এবং দুজন সহকারী অধ্যাপক যোগদান করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে আনা হয় আরেকটি ডায়ালাইসিস যন্ত্র। এই দুটি যন্ত্র আর দুজন সরকারী অধ্যাপক নিয়ে গতকাল কিডনি রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তফা আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব, উপাধ্যক্ষ ও বিএমএর সাধারণ সম্পাদক রেজাউল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উত্তরাঞ্চল থেকে কিডনি রোগীদের এত দিন ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হতো। কিডনি বিকল হওয়া রোগীদের ডায়ালাইসিস করতে হতো মাসে একাধিকবার। বেসরকারি ক্লিনিক হাসপাতালে এই সেবা নিতে গিয়ে গুনতে হতো মোটা অঙ্কের অর্থ। এই হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হওয়ায় এখন থেকে স্বল্প খরচে সেবা নিতে পারবে।

এদিকে গত বছরের ৩০ জুলাই থেকে বন্ধ ছিল রোগীদের এনজিও পরীক্ষার ক্যাথল্যাব। গত ১২ জুলাই চালু হয় ক্যাথল্যাব। তারও আগে যন্ত্রটি বিকল ছিল টানা ছয় বছর। এখন হৃদ্‌রোগীরা স্বল্পমূল্যে এনজিওগ্রাম পরীক্ষা করাতে পারবেন।

হাসপাতাল সূত্র জানায়, বাইরের হাসপাতালে এনজিওগ্রাম করাতে একজন রোগীর খরচ হয় গড়ে ১২ হাজার টাকা। এখন রোগীরা স্বল্প খরচে সরকারি এই হাসপাতালেই এনজিওগ্রাম করাতে পারবেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান বলেন, ক্যাথল্যাব চালু হয়েছে পুরোদমে। আর ডায়ালাইসিস কার্যক্রম গতকাল থেকে শুরু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কিছুদিন পরে।