বগুড়া মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ প্রশাসন অবশেষে সীমানাপ্রাচীরে কাঁটাতারের বেড়া দিয়ে ছাত্রীনিরাপত্তা জোরদার করেছে।
এ ছাড়া কাঁটাতারের বেড়া দিয়ে মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতেও খুশি নন শিক্ষার্থীরা। কাঁটাতারের বদলে সীমানাপ্রাচীরের মাধ্যমে দুই ক্যাম্পাস আলাদা দেখতে চান তাঁরা।
গতকাল সোমবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেন। একপর্যায়ে কলেজ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তর হাসপাতাল ও কলেজের মাঝের ফটক থেকে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাতে বাধা দেন। শিক্ষার্থীদের দাবি, কাঁটাতারের বেড়া দিয়ে দায়সারাভাবে দুই ক্যাম্পাসকে আলাদা করে তাঁদের আন্দোলন দমানো যাবে না। সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমেই দুই ক্যাম্পাসকে আলাদা করতে হবে। তা না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তবে শিক্ষার্থীরা সীমানাপ্রাচীর নির্মাণের জন্য কলেজ প্রশাসনকে ১২ মে পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রীনিবাসের গণকক্ষ থেকে ছয়টি মুঠোফোন, একটি ট্যাব ও নগদ টাকা চুরির ঘটনায় টানা তিন দিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছেন। তাঁদের এই আন্দোলনে শিক্ষানবিশ চিকিৎসকেরাও একাত্মতা ঘোষণা করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীনিবাসের সীমানাপ্রাচীরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, কাঁটাতারের বেড়া দিয়ে দুই ক্যাম্পাসকে আলাদা করার কাজ শুরু করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে কাজ বন্ধ রাখতে হয়েছে। এখন শিক্ষার্থীরা কাঁটাতারের বেড়ার বদলে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি তুলছেন। এ জন্য হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা প্রয়োজন। শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ায় মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।