বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল
কাল শনিবার উত্তরাঞ্চলের বৃহৎ শ্রমিক সংগঠন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।নির্বাচনে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি নিয়ে গত মঙ্গলবার সভাপতি পদপ্রার্থী ইব্রাহীম হোসেনের আত্মাহুতির চেষ্টা এবং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর দুই পক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করেছে।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বগুড়া প্রথম বাইপাস ভবেরবাজার ট্রাক টার্মিনাল চত্বর নির্ধারণ করা হয়েছে। কাল আট হাজার ভোটার সেখানে ভোট দেবেন। এ জন্য ১৮০ জন সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নির্বাচনী কর্মকর্তা ও ৩৫ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ৩০টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও আন্তজেলা সড়ক সম্পাদক পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৭ পদে প্রার্থী আছেন ৯৬ জন।নির্বাচনে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি আবদুল লতিফ মণ্ডল। ইব্রাহিম হোসেন নির্বাচনের ভোটকেন্দ্র জিলা স্কুল বা শহীদ টিটু মিলনায়তনে নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে মঙ্গলবার তিনি মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির চেষ্টা চালান।গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ বলেন, শনিবার ভবেরবাজারে ভোট গ্রহণ করা হবে।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, সুষ্ঠু নির্বাচন করতে যাবতীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়, ভবেরবাজারসহ বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।