বগুড়া শহরে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে সড়কে রিকশা-অটোরিকশার দীর্ঘ সারি। ছিল যাত্রীবাহী বাস, পণ্যবাহী কাভার্ড ভ্যানেরও দীর্ঘ সারি। ফাঁকে ফাঁকে আটকে ছিল প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। ছাত্রলীগের শোভাযাত্রা চলাকালে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এমন দৃশ্য দেখা গেছে বগুড়া শহরে।
সকাল ১০ থেকেই শহরের বেশিরভাগ সড়ক যানজটে স্থবির হয়ে পরে। এসব সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। সকাল ১০টায় কালীবাড়ি মোড়ের রিকশাজটে আটকে থাকা নাসিমা সুলতানা নামের এক নারী বলেন, ‘শিশুকন্যাকে কোচিংয়ে দিতে এসে ১৫ মিনিট ধরে রিকশায় বসে আছি। রিকশা স্থবির। সামনেও যায় না, পেছনেও ঘুরতে পারে না।’
কাঁঠালতলায় যানজটে আটকা থাকা রিকশাচালক আবদুস সবুর বললেন, ‘ঠ্যালার নাম বাবাজি। আধঘণ্টা ধরে এখানে জ্যামে আটকে আছি। পেছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না। এখন ছাত্রলীগের মিছিলের জন্য সব ক্লিয়ার (যানজটমুক্ত)।’
রিকশার যাত্রী নূরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ শহরে শোভাযাত্রা করবে ভালো কথা, তাই বলে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে দেবে তারা?’
বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) বিকর্ণ কুমার চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশ শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সামলাতে ব্যস্ত ছিল। এ কারণে শহরের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে যানজটের সৃষ্টি হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে পুলিশকে আগে থেকেই অবহিত করা হয়েছিল। পুলিশেরও সেভাবে প্রস্তুতির দরকার ছিল। ছাত্রলীগের কর্মসূচির কারণে শহরে যানজট তৈরি হলে সেটা দেখার দায়িত্ব পুলিশের। এরপরও ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’