বগুড়া শহরে যানবাহনের ২২ অবৈধ স্ট্যান্ডে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ১৪টি স্থানে অটোরিকশা ও ইজিবাইকের ২২টি অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। ট্রাফিক পুলিশ বলছে, অটোরিকশা ও ইজিবাইকের মালিক সমিতিগুলো নিয়ন্ত্রণ করছেন রাজনৈতিক নেতারা। তাই এসব স্ট্যান্ড সরানো যাচ্ছে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, বগুড়া শহরে বিআরটিএর অনুমোদিত প্রায় পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। তবে বিআরটিএ ও পৌরসভার কর্মকর্তাদের ধারণা, শহরে প্রায় ২৫ হাজার অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলে। অর্থাৎ ২০ হাজার অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিয়ন্ত্রণ না থাকায় সেগুলো যত্রতত্র সড়কের ওপর অবৈধ স্ট্যান্ড গড়ে যাত্রী তুলছে। ফলে শহরজুড়ে যানজট লেগে থাকছে।
বগুড়া পৌরসভার কর্মকর্তারা বলেন, শহরে অটোরিকশা বা ইজিবাইকের কোনো স্ট্যান্ডের অনুমোদন নেই। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, প্রায় দুই বছর আগে জেলা আইনশৃঙ্খলা এবং উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় শহরের যানজট নিরসনে অটোরিকশাস্ট্যান্ডগুলো শহর থেকে দূরে সরানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের দত্তবাড়ি, বড়গোলা, স্টেশন সড়ক, শেরপুর সড়ক, চেলোপাড়া, গোহাইল সড়ক, ইয়াকুবিয়া মোড়, রেলগেট ও চারমাথা এলাকায় সড়কে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলো ঘুরে দেখেন এই প্রতিবেদক। সড়কের ওপর অটোরিকশা ও ইজিবাইক রাখার কারণে এসব স্থানে সারাক্ষণ যানজট লেগে ছিল। পথচারীরাও ঠিকমতো চলতে পারছেন না।
দত্তবাড়ি মোড়ের চারদিকে রয়েছে সিএনজিচালিত অটোরিকশার চারটি স্ট্যান্ড। সকাল ১০টায় দত্তবাড়ি-কালীতলা সড়কের ওপর ৫০টির মতো অটোরিকশা, শহীদ তারেক সড়কে শতাধিক, চেলোপাড়া-সান্দারপট্টি সেতু সড়কে প্রায় ৫০টি এবং দত্তবাড়ি-বড়গোলা সড়কের দুই পাশে প্রায় ১৫০টি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ ছাড়া দত্তবাড়ি এলাকায় ইজিবাইকের স্ট্যান্ডও আছে।
দত্তবাড়ি থেকে রিকশায় সাতমাথায় আসছিলেন নামাজগড়ের ফরহাদ আলম। তিনি বলেন, শহরের বুকে এখন কঠিন যন্ত্রণা এসব সিএনজি (অটোরিকশা) ও ইজিবাইক। শহরে এসব যান না চললে কোনো যানজট হবে না। বেলা ১১টায় স্টেশন সড়কে প্রায় ১৫০টি অটোরিকশা ছিল। দুপুর সাড়ে ১২টায় চেলোপাড়া-নারুলী সড়ক এবং চেলেপাড়া-চন্দনবাইশা সড়কে প্রায় ৩০০টি অটোরিকশা ছিল। চেলোপাড়ায় অটোরিকশাস্ট্যান্ডের কারণে আধা ঘণ্টা যানজটে আটকা পড়েন নারুলীর শফিকুল ইসলাম। তিনি বলেন, চেলোপাড়া ও নারুলীবাসীর জন্য এখন গলার কাঁটা সড়কের ওপর এসব স্ট্যান্ড।
দুপুর ১২টায় শেরপুর সড়কের সাতানীবাড়িতে ৫০টি, ইয়াকুবিয়া মোড়ে ৫০টি এবং জিলা স্কুলের সরু গলি থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ সড়ক পর্যন্ত প্রায় ২০০টি ইজিবাইক দাঁড়িয়ে ছিল। পথচারীদের বিকল্প এই পথটি এখন সারা বছর শত শত ইজিবাইকের দখলে থাকে।
এ ছাড়া সাতমাথা-শেরপুর সড়কের ওপর অবৈধ অটোরিকশাস্ট্যান্ডের কারণে যানজট লেগেই থাকে। সড়কের ট্রান্সকম ডিজিটালের শোরুমের ব্যবস্থাপক শরিফুল হক বলেন, এই স্ট্যান্ড সরানোর জন্য প্রশাসনকে কয়েক দফা লিখিত আবেদন করা হয়েছে, কোনো কাজ হয়নি।
জেলা ট্রাফিক পুলিশের সূত্র বলছে, শহরে চলাচলকারী বৈধ ও অবৈধ সিএনজিচালিত এসব অটোরিকশা নিয়ন্ত্রণ করে ছয়টি মালিক সমিতি। অন্যদিকে ইজিবাইকের আছে দুটি মালিক সমিতি। আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এসব সমিতি নিয়ন্ত্রণ করছেন। তাই উচ্ছেদ করতে গেলে তাঁদের রোষানলে পড়তে হয়।
দক্ষিণ বগুড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান বলেন, সড়কের ওপর থেকে স্ট্যান্ড সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বলা হয়েছে। আর সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দিনের বেলায় শহরের ভেতর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করার পরও শেরপুরগামী গেটলক বাস চলাচল করছে। বাসগুলো যদি সড়কের ওপরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে পারে, তবে অটোরিকশাস্ট্যান্ডে সমস্যা কেন।
পৌরসভার মেয়র বলেন, অনুমোদনহীন অটোরিকশা ও ইজিবাইকের কাছে শুধু শহরবাসী নন, পৌরসভাও জিম্মি হয়ে পড়েছে। কিন্তু পৌরসভার নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। এসব অবৈধ অটোরিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব জেলা প্রশাসনের।
বগুড়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) বিকর্ণ কুমার চৌধুরী বলেন, সড়কের ওপর থেকে ইজিবাইক ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড সরানো গেলে শহর যানজটমুক্ত রাখা সম্ভব। কিন্তু এসব অবৈধ স্ট্যান্ড সরাতে গেলেই ট্রাফিক পুলিশের ওপর নানা বিপত্তি নেমে আসে।