বগুড়া শহরে সাড়ে আট হাজার অবৈধ যানবাহন
বগুড়া শহরের ডালপট্টির বাসিন্দা জীবন কৃষ্ণ যাদব (৪৮) পেশায় চাকরিজীবী। বাসা থেকে তাঁর অফিসে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ ১০ মিনিট। কিন্তু রিকশায় যাতায়াত করতে প্রতিদিন তাঁর সময় লাগে অন্তত ৩০ মিনিট।জীবন কৃষ্ণ যাদব বিরক্তির স্বরে বলেন, শহরের ফুটপাত হকারের দখলে, হেঁটে চলাচলের উপায় নেই। আর রাজপথ রিকশার দখলে, ইচ্ছা থাকলেও সময়মতো অফিসে পৌঁছানোর সুযোগ নেই। অসহনীয় যানজটে শহরে চলাচল এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।যানজট নিয়ে এ বিরক্তি শুধু জীবন কৃষ্ণের একার নয়; প্রতিদিনের এ ভোগান্তি তাঁর মতো বগুড়া শহরের আরও পাঁচ লাখ মানুষের। অনুসন্ধানে জানা গেছে, বগুড়া শহরের এই অসহনীয় যানজটের নেপথ্যের কারণ হলো শহরের রাস্তায় সাড়ে আট হাজার অনুমোদনহীন অবৈধ রিকশা ও ইজিবাইকের অবাধ চলাচল। এ ছাড়া নিষেধ অমান্য করে শহরে দিনের বেলায় ট্রাকচলাচল ও বিপুলসংখ্যক অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, ৭০ বর্গকিলোমিটার আয়তনের শহরে অনুমোদিত রিকশার সংখ্যা পাঁচ হাজার ৩৩৬টি। অথচ এ শহরে এখন প্রতিদিন রিকশা চলাচল করছে কমপক্ষে ১২ হাজার। পৌরসভার দাবি অনুযায়ী, শহরে এখন অবৈধ রিকশা চলাচল করছে সাড়ে ছয় হাজারেও বেশি।রিকশা ছাড়াও শহরে প্রায় দুই হাজার অনুমোদনহীন ব্যাটারিচালিত ইজিবাইক ও প্রায় সাড়ে সাত হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ফলে প্রতিদিন শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের সবচেয়ে ব্যস্ততম বড়গোলা থেকে ইয়াকুবিয়া মোড় পর্যন্ত যানজট স্থায়ী হয় সবচেয়ে বেশি। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড যানজটের কারণে সকাল নয়টা থেকে বেলা ১১টা এবং বিকেল চারটা থেকে সন্ধা সাতটা পর্যন্ত শহরের প্রধান সড়কে হেঁটেও চলাচল করা যায় না। থানা রোডে বিকেল পাঁচটায় কথা হয় শহরের শিববাটির বাসিন্দা শায়লা রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘অসুস্থ আত্মীয়কে নিয়ে হাসপাতালে যাচ্ছি। বড়গোলা থেকে সাতমাথায় আসতে সময় লেগেছে ২৫ মিনিট। অথচ হেঁটে এলে সময় লাগত প্রায় পাঁচ মিনিট।’ শহরের এরুলিয়ার রিকশাচালক মজনু মিয়া বলেন, ‘রিসকার লাইসেন্স লেওয়ার জন্যি পাঁচ বছর ধরে পৌরসভাত ঘুরিচ্চি। লাইসেন্স পাচ্চি না।’ ইজিবাইকচালক রিমন হোসেন জানান, শহরে দুই হাজারেরও বেশি ইজিবাইক চলে। পৌরসভা-বিআরটিএ কেউ লাইসেন্স দিচ্ছে না। ফলে প্রতিদিন ঘাটে ঘাটে চাঁদা দিয়ে বাইক চালাতে হচ্ছে। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে জানান, শহরের যানজটের অন্যতম কারণ অবৈধ রিকশা, ইজিবাইক, সিএনজি ও দিনের বেলায় অবাধে ট্রাকচলাচল। যানজট নিরসনে ইয়াকুবিয়া মোড় থেকে বড়গোলা পর্যন্ত শহরের প্রধান সড়কে রিকশাচলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে পৌরসভার।মেয়র জানান, শহরবাসী ছাড়াও আশপাশের পাঁচটি জেলা থেকে এ শহরে প্রতিদিন লোকজন আসে কেনাকাটা করতে। লোকজন যাতে নির্বিঘ্নে শহরে চলাচল করতে পারে, এ জন্য দেড় যুগ ধরে পৌরসভা থেকে নতুন করে রিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। এই সুযোগে শহরের রাস্তায় নেমে পড়েছে প্রায় সাড়ে ছয় হাজার অবৈধ রিকশা। পৌরসভার রাজস্ব বাড়াতে একাধিকবার নতুন করে রিকশার লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হলেও জেলা প্রশাসন থেকে চিঠি দিয়ে তা বন্ধ করে দেওয়ায় সে উদ্যোগ ভেস্তে গেছে। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ প্রথম আলোকে জানান, রিকশার লাইসেন্স না দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসন থেকে পৌরসভাকে চিঠি দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তাঁর যোগদানের আগে এটা হয়ে থাকলে তা তাঁর জানার কথা নয়। তবে নতুন করে উদ্যোগ নেওয়া হলে জেলা প্রশাসন কোনো আপত্তি জানাবে না। তিনি জানান, দিনের বেলা শহরে ট্রাকচলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। চালকেরা গায়ের জোরেই দিনের বেলা শহরে ট্রাক চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু ম্যাজিস্ট্রেটের সংকটের কারণে আপাতত আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না।