বগুড়া শহরের যত্রতত্র ময়লার স্তূপ
বগুড়া শহরের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দিনের পর দিন স্তূপ করে রাখা হলেও এগুলো নিয়মিত সরানো হয় না। আস্তাকুঁড় (ডাস্টবিন) না থাকায় লোকজন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারছে না। এতে শহরের বাসিন্দারা দুর্গন্ধে টিকতে পারছেন না। নাক চেপে শহরের ভেতর দিয়ে লোকজনকে চলাফেরা করতে হচ্ছে। শহরের বাসিন্দাদের কেউ কেউ অভিযোগ করেন, বগুড়া পৌর কর্তৃপক্ষ শহরে প্রয়োজনীয়সংখ্যক আস্তাকুঁড় নির্মাণ করেনি। এ ছাড়া তারা বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা নিয়মিত গাড়িতে করে সরিয়ে নেয় না। এতে ওই ময়লা-আবর্জনায় মশা-মাছি জন্ম নিচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যানবাহনসংকটের কথা বলে দুই সপ্তাহ ধরে ময়লা-আবর্জনা সরাচ্ছে না। এতে শহরের ১৫-২০টি স্থানে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, শহরের করোনেশন ইনস্টিটিউশন, কারমাইকেল, গোহাইল সড়ক, চেলোপাড়া, নারুলী, রহমাননগর, মালতীনগর, জলেশ্বরীতলা, লতিফপুর কলোনি, ফুলবাড়ী, মাটিডালি, নিশিন্দারা উপশহর, কালীতলা, সাতমাথা, স্টেশন সড়ক, তিনমাথা, সেউজগাড়ি, বউবাজার, এসপি ঘাট, নামাজগড়সহ বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। অনেক দিন একই জায়গায় থাকায় ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া পৌর এলাকায় ময়লা-আবর্জনা ফেলার আস্তকুঁড় কতটি, তা পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ বলতে পারেনি। অনেক আগে সিমেন্টের তৈরি বেশ কিছু আস্তাকুঁড় করা হয়েছিল। এগুলোর মধ্যে ১৫-২০টি এখনো আছে। পৌর এলাকা ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয়সংখ্যক আস্তাকুঁড় না থাকায় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০০৬ সালে বগুড়া পৌরসভা বর্ধিত করা হয়। বর্ধিত এলাকার বেশির ভাগেই ময়লা-আবর্জনা সরানোর ব্যবস্থা নেই।প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, ‘বিশাল এই পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য প্রয়োজনীয়সংখ্যক যানবাহন নেই। আটটি যানবাহনের মধ্যে ছয়টিই নষ্ট। ভাড়া করতে গেলে ময়লা-আবর্জনা ফেলার জন্য কেউ ট্রাক ভাড়া দেয় না। মন্ত্রণালয়ের কাছে পৌরসভার টাকায় গাড়ি কেনার জন্য আবেদন করা হলেও তারা অনুমতি দেয়নি। এ অবস্থায় ময়লা-আবর্জনা দুটি গাড়ি দিয়ে দ্রুত সরানো যাচ্ছে না।’