বগুড়া সওজের পাঁচ প্রকল্প অর্থাভাবে শেষ হচ্ছে না
বগুড়া-সারিয়াকান্দি ২২ দশমিক ৫ কিলোমিটার আঞ্চলিক সড়কের নির্মাণকাজ ২০০২ সালে শুরু হয়ে ২০০৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। কিন্তু ১০ বছরেও এ কাজ শেষ হয়নি। একই অবস্থা বগুড়া সদরের লিচুতলা-কদমতলী-লাংলু-বালিয়াদিঘী সড়ক, বথুয়াবাড়ি সেতু, বগুড়া-সারিয়াকান্দির পাঁচটি সেতু, মোকামতলা-হরিখালী হয়ে সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্পের। বারবার সময় বাড়িয়েও বগুড়ার সড়ক ও জনপথের (সওজ) আওতাধীন এসব প্রকল্প সময়মতো শেষ হচ্ছে না অর্থের কারণে।লিচুতলা থেকে গাবতলীর কদমতলী হয়ে বালিয়াদিঘী এবং ধুনট থেকে চৌকিঘাট পর্যন্ত ৬১ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০০২ সালে। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৬৭ কোটি টাকা। ৪২ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪৭ কোটি টাকা। এ বছর জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থাভাবে মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে। বগুড়া-সারিয়াকান্দি সড়কের কাজ এ বছর জুনের মধ্যে শেষ করার কথা। ৩১ কোটি টাকার এ প্রকল্পে খরচ হয়েছে ২৫ কোটি টাকা। কাজের সময়সীমা আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। মোকামতলা থেকে হরিখালী হয়ে সারিয়াকান্দি সড়কের কাজ ২০১০ সালের জুন মাসে শুরু হয়। ৪০ কিলোমিটারের এই সড়ক ৩৭ কোটি টাকা ব্যয়ে শুরু করা হলেও কাজ হয়েছে ১০ কিলোমিটারের। এ বছরে দেওয়া হয়েছে তিন কোটি টাকা। ঠিকাদারও ধীরগতিতে কাজ করছেন। এর মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে।বথুয়াবাড়ি সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছে ২০১১ সালের ফেব্রুয়ারিতে। ১৪৮ মিটার দীর্ঘ এই সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছর তিন কোটি টাকা বরাদ্দ দিয়ে সেখান থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। এ বছরের জুন মাসের পরিবর্তে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।বগুড়া-সারিয়াকান্দি সড়কে পাঁচটি সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে গত বছর। ২৩ কোটি টাকা ব্যয়ের এই কাজেও ধীরগতি। একটিমাত্র সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এ বছর তিন কোটি টাকা পাওয়া গেছে। আগামী বছরের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে।বিএনপি সরকারের সময় হাতে নেওয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। প্রথমে ১৩ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরে সংশোধন করে ২৫ কোটি টাকা করা হয়েছে। কিন্তু সংশোধিত প্রকল্পটির অনুমোদন হয়নি।চলতি অর্থবছরে সারা দেশে জরুরি সড়ক সংস্কার খাতে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা থেকে বগুড়ার সড়ক সংস্কারে ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। তিনটি প্রকল্পে এ অর্থ খরচ করার কথা ছিল। সওজ সূত্রে জানা গেছে, জরুরি সংস্কারের সেই টাকা পাওয়া যায়নি।বগুড়ার মহাস্থান-শিবগঞ্জ-আমতলী এবং নন্দীগ্রামের ওমরপুর-দেওগ্রাম-তালোড়া সড়ক সংস্কার প্রকল্পটি বাতিল করা হয়েছে। কাহালু উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের সামান্য কাজ করে ঠিকাদার আর কাজ করেননি অর্থের বরাদ্দ না থাকায়। শুধু বগুড়া থেকে শেরপুর হয়ে চান্দাইকোনা মহাসড়কে ঢাকার একজন ঠিকাদার প্রায় ৯৫ ভাগ কাজ শেষ করেছেন। জরুরি সংস্কারকাজের ঠিকাদার এমদাদ হোসেন বলেন, ‘অর্থ বরাদ্দ না থাকলে কাজ করব কীভাবে।’মোকামতলা-হরিখালি সড়কের কাজের ঠিকাদার আছালতজ্জামান জানান, অর্থের কারণে অনেক কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যাচ্ছে না।সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ মনিরুজ্জামান জানান, অর্থ ছাড়ের ওপর প্রকল্পের কাজের অগ্রগতি হয়। অর্থ না পাওয়ার কারণে সময় বাড়ানো হয়েছে।