বগুড়া সাতক্ষীরা পটুয়াখালী ও কুষ্টিয়ায় চারজন খুন
বগুড়ার শাজাহানপুর থেকে দুর্বৃত্তরা রোববার চালককে হত্যা করে গমবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে। একই রাতে সাতক্ষীরার আশাশুনি ও পটুয়াখালীর সদর উপজেলায় দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে এক মুদি দোকানিকে শনিবার জবাই করে হত্যা করা হয়েছে। চালককে হত্যা করে ট্রাক ছিনতাই: বগুড়া-নাটোর সড়কের শাজাহানপুর উপজেলার জামাদার এলাকা থেকে গত রোববার রাতে একদল দুর্বৃত্ত চালককে হত্যা করে গমবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের নাম মোখলেছার রহমান (৪৫)। তাঁর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার শেখাহার গ্রামে। রোববার রাতে চট্টগ্রাম থেকে গমবোঝাই করে ট্রাকটি বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করে। রাত দুইটায় সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় যাত্রাবিরতির সময় ছয়জন যাত্রীবেশী দুর্বৃত্ত বগুড়ার বনানীতে আসার কথা বলে ট্রাকে ওঠে। চাল ব্যবসায়ীকে হত্যা: আশাশুনি উপজেলার জামালনগর গ্রামে রোববার রাতে বিনয় কৃষ্ণ কুণ্ডু (৪৮) নামে এক চাল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি একই উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের প্রফুল্ল কুণ্ডুর ছেলে। গতকাল সোমবার সকাল নয়টায় জামালনগর গ্রামের একটি মাদ্রাসার নির্মাণাধীন ঘরের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দেবরের হাতে ভাবি খুন: পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামে জয়নব বিবি (৫০) নামে এক মহিলা খুন হয়েছে। রোববার গভীর রাতে ঘরের ভেতর এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয়। পর দিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ তাঁর দেবর হাসান ঘরামীকে (৫০) গ্রেপ্তার করেছে। দোকানিকে জবাই করে হত্যা : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতগাছি গ্রামের এক মুদি দোকানিকে শনিবার রাতে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিটির নাম ডাবলু (৪৫)। রোববার সকালে পুলিশ তাঁর লাশ উপজেলার নয় নম্বর জিকে সেতুর কাছের একটি পুকুরের পার থেকে উদ্ধার করে।প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক বগুড়া ও সাতক্ষীরা এবং কুষ্টিয়া ও পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়।