বগুড়া-সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সারিয়াকান্দিতে বাঁধ ভেঙে ভেসে গেছে স্কুল, বাজারসহ বিভিন্ন স্থাপনা। ধুনটে তলিয়ে গেছে ৬০টি গ্রামের বাড়িঘর ও জমির ফসল। বগুড়ার শেরপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানির তোড়ে একটি স্পার আংশিক ধসে ২০টি ঘর বিলীন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: একদিকে বন্যা, অন্যদিকে নদীভাঙনে সারিয়াকান্দি উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। গত শুক্রবার চন্দনবাইশায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ভেঙে গেলে চন্দনবাইশা স্কুল, বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ ভবন, চন্দনবাইশা বাজার পানির তোড়ে ভেসে যায়। দুর্গত এলাকার মানুষ চরম খাদ্যসংকটে আছে। সেই সঙ্গে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় চন্দনবাইশা, কুতুবপুর ও কামালপুর বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে। দক্ষিণ সারিয়াকান্দির সবগুলো পাকা সড়ক তলিয়ে গেছে। পানি বাড়ায় বগুড়া-সারিয়াকান্দি সড়কের বাঙ্গালী নদীর ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে চন্দনবাইশা, বালুরচর, ডাকবাংলা, ঘুঘুমারি, কুতুবপুর, বড়ইকান্দি, বয়ড়াকান্দি, কর্ণীবাড়ি, কাঁশাহার, কড়িতলা, রৌহদহ, শোলারতাইড়, বিবিরপাড়া, দড়িপাড়া, পাইকরতলী গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরের মধ্যে পানি ঢুকেছে। চন্দনবাইশা ইউপির চেয়ারম্যান শাহ্ জিহাদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে মানুষ পানির মধ্যে বসবাস করছে। কামালপুর ইউপির চেয়ারম্যান মোখলেছার রহমান বলেন, গোটা ইউনিয়নের লোকজন পানিবন্দী। কুড়িগ্রাম: ধরলা, ব্রহ্মপুত্র অববাহিকার তিন শতাধিক চরের প্রতিটি বাড়িঘরে এখন বুকসমান পানি। অনেকে ঘরের মাচায় রাত কাটাচ্ছে। বন্যাকবলিত লোকজন অনন্যোপায় হয়ে নদ-নদীর পান করছে। কৃষি বিভাগ সূত্র জানায়, বন্যায় জেলার ৩০ হাজার ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। চরাঞ্চলের দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ জেলার ১৬টি নদ-নদীর বন্যার পানি খুব ধীরগতিতে নামছে। গতকাল শনিবার সকালে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ধুনট (বগুড়া): বাঙ্গালী ও ইছামতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে উপজেলার ৬০টি গ্রামের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার রাত থেকে বাঙ্গালী ও ইছামতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ধুনটের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৬০টি গ্রামের বাড়িঘর ও জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। গত মঙ্গলবার থেকে উপজেলার অনেক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। চিকাশি ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, যমুনার নদীর সারিয়াকান্দির এলাকার বাঁধভাঙা পানিতে আমার এলাকায় প্রতিটি গ্রামের বসতবাড়ি ও আমনখেত তলিয়ে গেছে। নলকূপগুলো তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গতকাল সকালে যমুনার পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শুক্রবার রাতে পানির চাপে সদর উপজেলার সিমলা ২ নম্বর স্পারের আংশিক ধসে গেছে। এতে পাশের শিমলা ও পাঁচঠাকুরী গ্রামের ২০টি ঘর নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে স্পারের বাকি অংশটুকু রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলায় মাষকলাই ও সবজিখেত তলিয়ে প্রায় তিন কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে সাহেববাড়ী ঘাট ও চককল্যাণী এলাকায় বাঁধের প্রায় ৩০০ মিটার নদীতে চলে গেছে। সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, বন্যায় বাঁধে ভাঙন আরও তীব্র হয়েছে। বাঁধটি বিলীন হলে আশপাশের অন্তত ৫০টি গ্রাম এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অনেকগুলো গ্রাম ও কয়েক শ একর ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।