বগুড়াকে কৃষি যন্ত্রপাতির জেলা ঘোষণা দিলেন দিলীপ বড়ুয়া
বগুড়াকে কৃষি যন্ত্রপাতির জেলা হিসেবে ঘোষণা দিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল শুক্রবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে ‘কৃষি প্রযুক্তি ও শিল্প উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনা ও সাফল্য’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বগুড়া আরডিএ চত্বরে তিন দিনব্যাপী এই মেলা গত বৃহস্পতিবার থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল উদ্বোধন করা হয়। বগুড়া আরডিএ ও লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।এই মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশের নামকরা কৃষি যন্ত্রপাতি প্রতিষ্ঠানের বড় বড় স্টল রয়েছে। মেলায় ১৬০টি স্টলে তারা তাদের পণ্য সাজিয়ে বসেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ আকরাম হোসেন চৌধুরী, সাংসদ ইসরাফিল হোসেন, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজী ছানোয়ার প্রমুখ।