বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীতকরণ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর বগুড়া সফরে আসছেন। তাঁর এ সফর ঘিরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীতকরণ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নানা দাবি তুলেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে আশায় বুক বেঁধেছেন তাঁরা।
দলীয় নেতারা বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল সাজে শহরকে সাজানো হচ্ছে। জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে দলের সব সাংগঠনিক ইউনিটে চলছে প্রস্তুতি সভা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতিসভায় যোগ দিতে এসেছেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবু সাঈদ আল মাহমুদ। তিনি বলেন, ১২ নভেম্বর বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া থেকে সিরাজগঞ্জ সরাসরি রেলপথ স্থাপনসহ বেশকিছু উন্নয়নবিষয়ক দাবির যৌক্তিকতা জননেত্রীর কাছে দলীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এখন তা প্রধানমন্ত্রীর সদয় বিবেচনায় রয়েছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনার বগুড়ায় এটা প্রথম সফর। সাত বছর পর শেখ হাসিনা বগুড়া সফরে আসছেন। তাই এ সফর ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি। ২০০৮ সালের নির্বাচনে বগুড়ার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর খালেদা জিয়ার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনেও হেরে যান দলীয় প্রার্থীরা।
গত ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় ব্যাপক লোকসমাগম হয়। তাতে উৎসবমুখর পরিবেশ দেখে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার যৌক্তিকতা তুলে ধরেন। তারপর থেকেই জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার দাবি করে আসছেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহাদৎ আলম বলেন, ‘দীর্ঘদিন পর নেত্রী বগুড়ায় আসছেন। আশায় বুক বেঁধেছি। সিটি করপোরেশন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপন—সবগুলোই বগুড়াবাসীর প্রাণের দাবি। এসব দাবির ব্যাপারে ঘোষণা এলে বগুড়াবাসী যেমন কৃতজ্ঞ থাকবে, তেমনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগও অনেক লাভবান হবে।’
মমতাজ উদ্দিন বলেন, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বগুড়ার উন্নয়নে ১১ দফা দাবি জননেত্রীর কাছে তুলে ধরা হয়েছে। বগুড়াবাসীকে পুঁজি করে এত দিন বিএনপি ক্ষমতায় গেছে। এখানকার সরকারি সম্পদ লুটপাট করেছে। এখন আওয়ামী লীগ ছাড়া এখানে অন্য কোনো দল নেই। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তাই নেতা-কর্মীরা উন্মুখ হয়ে রয়েছেন। সিটি করপোরেশনের ব্যাপারে সবাই আশাবাদী।