বগুড়াকে সিটি করপোরেশন করার দাবি বিএনপির
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের একটি হোটেলে হঠাৎ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে তারেক রহমান প্রকৃত অর্থে বগুড়া পৌরসভাকে একটি আদর্শ সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলতে নজর দেন। সে জন্য বগুড়া সদর উপজেলা ভেঙে দক্ষিণাঞ্চল নিয়ে গঠন করা হয় শাজাহানপুর উপজেলা। বনানী থেকে মাটিডালি পর্যন্ত সড়ক সম্প্রসারণ, ফুটপাত নির্মাণ, শহরে সোডিয়াম বাতি, শহরের মধ্যে চারটি সেতু নির্মাণ, জিয়াউর রহমান শিশু হাসপাতাল, বগুড়া কালেক্টরেট ভবন ও জজ আদালত ভবন নির্মাণ, শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার, গ্যাস-সংযোগ, ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়। বগুড়াকে সিটি করপোরেশন করার লক্ষ্য নিয়েই তারেক রহমান বগুড়া শহর তথা জেলার উন্নয়ন করেছেন। সে জন্য বিএনপির দাবি, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়া হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, পেশাজীবী সংগঠনের পক্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর সাবেক অধ্যক্ষ মওদুদ হোসেন আলমগীর প্রমুখ।