বগুড়ার আজিজুল হক কলেজে স্নাতকোত্তর চারটি বিষয় চালু
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অবশেষে স্নাতকোত্তর পড়ার সুযোগ পাচ্ছেন। চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি গতকাল রোববার কলেজে এসে পৌঁছেছে।শিক্ষার্থীদের দাবির মুখে কলেজটিতে মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইসলামী শিক্ষা ও সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর অনুমোদন মিলল।স্নাতক (সম্মান) ও ডিগ্রিতে ভালো ফল করার পরও কলেজে চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু না থাকায় ওই সব বিষয়ের শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রিতে পড়া অনিশ্চয়তার মুখে পড়েছিল। এ অবস্থায় ওই চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।জানা গেছে, ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সরকারি আজিজুল হক কলেজে ওই চারটি বিষয়ে ২০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। চার বিষয়ে বর্তমানে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি। এর মধ্যে প্রথম দফায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে স্নাতক (সম্মান) শ্রেণীতে উত্তীর্ণ হন। ২৭ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে বলা হলেও সরকারি আজিজুল হক কলেজে এসব বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু না থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা।সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চার বিষয়ে স্নাতকোত্তর কোর্স খোলার অনুমোদন দেওয়ায় এসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পড়ার অনিশ্চয়তা কেটে গেল।