বগুড়ার ঈদবাজারে ভারতীয় 'গঙ্গা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার অভিজাত শপিং এলাকা জলেশ্বরীতলার রোমেনা আফাজ সড়কের ফ্যাশন হাউস ‘কাঁশবনে’ গত বৃহস্পতিবার সকাল থেকেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যাঁদের বেশির ভাগই নারী। ক্রেতাদের ভিড়ে দম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের। এ রকমই ভিড় ছিল নামীদামি ফ্যাশন হাউসের আউটলেট ও শোরুম এবং বগুড়া শহরের নিউমার্কেট ও বিভিন্ন বিপণিবিতানে।
দোকানিরা বলছেন, অন্যবার পবিত্র রমজানের মাঝামাঝি বেচাবিক্রি জমে উঠলেও এবার ১০ রোজার পরেই জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট ঈদের কেনাকাটা। তাঁরা বলেন, অন্যবারের মতো এবারও নারীদের ঈদের কেনাকাটায় ভারত ও পাকিস্তানের থ্রিপিস প্রাধান্য পাচ্ছে। তবে বগুড়ায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় পোশাক ‘গঙ্গা’।
নিউমার্কেটসহ বেশ কিছু বিপণিবিতান, শপিং মল ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানেই ক্রেতা সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। সাতসকালেই থ্রিপিস কিনতে তরুণীদের ভিড় দেখা যায় নিউমার্কেটের রনি ক্লথ স্টোরের চারটি শোরুমে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী রেজা বলেন, এবার জর্জেটের ভারতীয় থ্রিপিস, পাকিস্তানি সুতি থ্রিপিস ও ভারতীয় গঙ্গার মতো সিল্কের টপস বেশি বিক্রি হচ্ছে। ভারতীয় বিনয় প্যাশনের জর্জেট থ্রিপিস আড়াই হাজার থেকে ১০ হাজার, প্লাজু থ্রিপিস সাড়ে ছয় হাজার থেকে আট হাজার, পাকিস্তানি হাতের কাজ করা থ্রিপিস তিন থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেট ফটকে মেরিনা সড়কে প্রাইডের রূপসী বাংলা ফ্যাশন হাউসেও ক্রেতাদের ভিড় ছিল। এখানে মেয়েদের থ্রিপিস ছাড়াও রয়েছে বাহারি শাড়ির সমাহার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুল হক বলেন, এবার ঈদে ভারতীয় ফ্লোর টাচ ও জিপসি থ্রিপিস বেশি বিক্রি হচ্ছে।
এদিকে নতুন পোশাকে জমে উঠেছে শহরের ইনফিনিটি এক্সপ্রেস, লুবনান, রঙন, আরটিস্টি, ফড়িং, স্টাইল ট্রেন্ড, ক্যাকটাস, ঠিকানা, ইজি, চৌকাঠ, শ্রোতীধারা, দরজিবাড়ি, শৈশব, মার্চেন্ট, জেন্টল পার্কের মতো নামীদামি ফ্যাশন হাউসের আউটলেট ও শোরুমগুলো।
কাঁশবন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ঈদে ক্রেতাদের জন্য ভারত, পাকিস্থান ও চীন থেকে আনা পোশাকরয়েছে এখানে। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে জর্জেটের ফ্লোর টাচ টপস, শর্ট টপস, লেহেঙ্গা ও থ্রিপিস। আমাদের এখানে ভারতীয় জর্জেটের থ্রিপিস দেড় হাজার থেকে ১২ হাজার টাকা, পাকিস্তানি সুতি থ্রিপিস দেড় হাজার থেকে চার হাজার, লেহেঙ্গা চার থেকে ১৪ হাজার, টপস এক থেকে চার হাজার, জামদানি শাড়ি পাঁচ থেকে ছয় হাজারে পাওয়া যাবে। শিশুদের পোশাক ৮৫০ থেকে ৫ হাজার ১০০ এবং ছেলেদের পাঞ্জাবি ১ হাজার ৫০ থেকে দুই হাজার ৩০০ টাকায় কেনা যাবে।’
এদিকে ফ্যাশন হাউস ও তৈরি পোশাকের দোকানে ভিড় থাকলেও এবার ছিট কাপড়ের দোকানগুলোতে ক্রেতা অপেক্ষাকৃত কম। এর আগের বছরগুলোতে ১৫ রমজানের পর দরজির দোকানে অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হলেও এবার এখনো অর্ডার নেওয়া হচ্ছে।
বগুড়া জেলা দরজি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বলেন, এখনকার দিনে তরুণ-তরুণীসহ সব বয়সী ক্রেতাই ঝুঁকেছেন রেডিমেড পোশাকের দিকে। এবার ১৫ রমজান পেরিয়ে গেলেও তেমন অর্ডার নেই।