বগুড়ার গাবতলীতে কাল ভোটের মধ্যে হরতাল
বগুড়া-৭ আসনের গাবতলীতে ৪৬টি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোট নেওয়া হবে। এরই মধ্যে কাল সেখানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
প্রহসনের নির্বাচন বাতিল ও ১৮-দলীয় জোটের ৫২ হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার করা নেতা- কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোরশেদ মিন্টু জোটের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে এ হরতালের ঘোষণা দেন।
বগুড়া-৭ আসনে গাবতলীতে ৮৮টি ভোটকেন্দ্র ছিল। ৫ জানুয়ারি নির্বাচনের দিন প্রায় প্রতিটি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারধরের ঘটনা ঘটে। কিন্তু এরপরও সেখানকার ৪২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয় আর ৪৬টি কেন্দ্রের ফল স্থগিত করা হয়।